কালীগঞ্জে প্রসূতির মৃত্যুর ঘটনায় ক্লিনিক সিলগালা, জরিমানা ১ লাখ
- প্রকাশের সময় : ০৮:০৫:৫৪ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
- / 13
ঝিনাইদহের কালীগঞ্জে সিজারিয়ান অপারেশনের সময় শিল্পী খাতুন (৩৫) নামে এক প্রসূতির মৃত্যুর ঘটনায় নিউ গরীবশাহ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ক্লিনিকের মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বারবাজারে ক্লিনিকটিতে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা নাহিদ। অভিযানে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. আমানুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন।
জানা গেছে, রোববার সকালে উপজেলার সাতগাছিয়া গ্রামের ইয়ার আলীর স্ত্রী শিল্পী খাতুনকে ওই ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের জন্য নেওয়া হয়। অস্ত্রোপচারের সময় তাঁর মৃত্যু হয়। তবে নবজাতককে জীবিত অবস্থায় অস্ত্রোপচারের মাধ্যমে বের করা হয়। এ ঘটনায় শিল্পীর স্বজনরা ক্লিনিক কর্তৃপক্ষ ও চিকিৎসকদের বিরুদ্ধে অবহেলা ও ভুল চিকিৎসার অভিযোগ করেন।
স্বজনদের দাবি, অস্ত্রোপচারের আগে শিল্পীর শারীরিক অবস্থা স্বাভাবিক ছিল এবং বিভিন্ন পরীক্ষার রিপোর্টও সন্তোষজনক ছিল। তাঁদের অভিযোগ, কাগজপত্রে অ্যানেসথেশিয়া বিশেষজ্ঞ ডা. তানভিরুল ইসলামের নাম থাকলেও তিনি দায়িত্বে উপস্থিত ছিলেন না।
এদিকে গাইনি বিশেষজ্ঞ ডা. ফাতিমা আক্তার অভিযোগ অস্বীকার করে দাবি করেন, উচ্চ রক্তচাপজনিত তীব্র জটিলতায় রোগী অস্ত্রোপচার কক্ষে যাওয়ার আগেই মারা যান।
ক্লিনিকের মালিক ইসলাম হোসেনের বিরুদ্ধে নিজেকে চিকিৎসক পরিচয় দেওয়ার অভিযোগও করেছেন স্থানীয়রা। তবে এসব অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
উপজেলা প্রশাসন জানায়, প্রসূতির মৃত্যুর ঘটনা ও ক্লিনিকের বিভিন্ন অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালানো হয়। অভিযানে ক্লিনিকটি সিলগালা করে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট চিকিৎসক ও ক্লিনিক কর্তৃপক্ষকে কারণ দর্শানোর জন্য তলব করা হয়েছে।






















