ধামইরহাটে হত্যা মামলা রুজুর ১২ ঘণ্টার মধ্যে ৫ আসামি গ্রেফতার
- প্রকাশের সময় : ০৮:৩১:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
- / 20
নওগাঁর ধামইরহাটে মুস্তাকিন (২০) নামে এক যুবক হত্যাকাণ্ডের ঘটনায় মামলা রুজুর ১২ ঘণ্টার মধ্যে পাঁচ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি সাবল উদ্ধার করা হয়েছে।
নওগাঁ পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের কঠোর নির্দেশনায় ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিন্টু রহমানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা যায়, ধামইরহাট উপজেলার বড় শিবপুর যদুপাড়া গ্রামের বাসিন্দা মুস্তাকিন (২০), পিতা মো. বেলাল হোসেন। মাছ ধরার তৌরা জাল ২০০ টাকায় বন্ধক রাখাকে কেন্দ্র করে বিরোধের জেরে মুস্তাকিন ও তার মাকে নিজ খলিয়ানে মারধর করা হয়। এতে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের জয়পুরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুস্তাকিনকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মো. রতন হোসেন (২২), মো. সাইদুল ইসলাম (২৪), আইনশৃঙ্খলার সঙ্গে সংঘাতে জড়িত শিশু হাসান (১৪), মোছা. রোকেয়া বেগম (৫৫) ও মোছা. জাকিয়া বেগম (১৯)কে গ্রেফতার করে। হাসান অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তার পরিচয় সংক্রান্ত তথ্য আইনগত বিধি অনুযায়ী প্রকাশ করা হয়নি।
পুলিশ জানায়, ৩ সেপ্টেম্বর ভোর সাড়ে ৪টার দিকে ধামইরহাট থানা ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে সাহাপুর আঙ্গুরাত কলোনি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
পরে গ্রেফতার আসামি সাইদুর ইসলামের দেওয়া তথ্যের ভিত্তিতে তার বাড়ি থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি সাবল উদ্ধার করা হয়।
এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।




















