মায়ের বিচার চাইতে গিয়ে হুমকি-হয়রানির অভিযোগ জাবি শিক্ষার্থীর
- প্রকাশের সময় : ১০:১০:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
- / 7
মায়ের সঙ্গে আর্থিক লেনদেনকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের বিচার চাইতে গিয়ে হুমকি ও হয়রানির শিকার হওয়ার অভিযোগ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দর্শন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের (৫১ ব্যাচ) শিক্ষার্থী শারমিন আক্তার পূর্ণিমা। বিশ্ববিদ্যালয়ের কয়েকজন কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের টিএসসির কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন পূর্ণিমা।
লিখিত বক্তব্যে পূর্ণিমা বলেন, ২০১৭ সালে বিশ্ববিদ্যালয়ের প্রীতিলতা হলের কর্মচারী মো. আফাজ উদ্দিনের কাছ থেকে তার মা দুই লাখ টাকা ধার নেন। ২০২২ সালের অক্টোবরে মূল টাকা ও সুদসহ প্রায় ছয় লাখ টাকা পরিশোধ করা হলেও আফাজ উদ্দিন তার মায়ের কাছ থেকে নেওয়া ব্ল্যাংক চেক ফেরত দেননি বলে অভিযোগ করেন তিনি।
পরবর্তীতে ওই চেক ব্যবহার করে চার লাখ টাকার চেক ডিজঅনারের মামলা করা হয় বলে দাবি করেন পূর্ণিমা। মামলায় তার মাকে দুই লাখ টাকা দিয়ে জামিন নিতে হয়েছে বলেও তিনি জানান।
পূর্ণিমার অভিযোগ, বিষয়টি সমাধানের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন ও কর্মচারী ইউনিয়নের বিভিন্ন পর্যায়ে সহযোগিতা চেয়েও তিনি কোনো প্রতিকার পাননি। বরং কর্মচারী ইউনিয়নের সভাপতি রহিম, সাধারণ সম্পাদক ফারুক ও আনোয়ারসহ কয়েকজন তাকে ও তার মাকে ভয়ভীতি দেখিয়েছেন। একই সঙ্গে বিষয়টি নিয়ে সাংবাদিকদের কাছে অভিযোগ জানাতেও বাধা দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।
এ ছাড়া কর্মচারী ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল খালেকের বিরুদ্ধেও হুমকির অভিযোগ করেন পূর্ণিমা। তার দাবি, আফাজ উদ্দিনের বিষয়ে কথা বলার সময় আব্দুল খালেক তাকে ‘মেরে ফেলা’ ও ‘কেটে ফেলার’ মতো হুমকি দেন।
সংবাদ সম্মেলনে পূর্ণিমা আরও বলেন, তার পাশে দাঁড়ানো সেলিম রেজাকে কেন্দ্র করে মূল ঘটনা থেকে দৃষ্টি সরানোর চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, ‘আমি কাউকে সন্ত্রাসী বানাতে চাই না, কাউকে নির্দোষ বা দোষীও ঘোষণা করছি না। আমি শুধু চাই মূল অভিযোগের তদন্ত হোক।’
অভিযোগগুলো মিথ্যা হলে তদন্তের মাধ্যমে তা প্রমাণ করার এবং সত্য হলে দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানান পূর্ণিমা। একই সঙ্গে নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।
























