কালীগঞ্জে আবুবকর বিশ্বাস মকছেদ আলী কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি হলেন হামিদ
- প্রকাশের সময় : ০১:৫৫:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
- / 16
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের আবুবকর বিশ্বাস মকছেদ আলী কলেজের পরিচালনা পর্ষদের নবনির্বাচিত সভাপতি হামিদুল ইসলাম হামিদের সঙ্গে শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও এলাকাবাসীর শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) কলেজের অধ্যক্ষ মো. মশিয়ার রহমানের সভাপতিত্বে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পরিচালনা পর্ষদের সভাপতি হিসেবে নির্বাচিত ঝিনাইদহ-৪ আসনের বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সাবেক প্যানেল মেয়র ও বিশিষ্ট রাজনীতিবিদ হামিদুল ইসলাম হামিদকে ফুল দিয়ে বরণ করে নেন অধ্যক্ষ মো. মশিয়ার রহমানসহ শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও এলাকাবাসী। এ সময় নবনির্বাচিত সভাপতিকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
শুভেচ্ছা বিনিময়কালে হামিদুল ইসলাম হামিদ বলেন, “কলেজের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিরাপদ ও সুন্দর পরিবেশ নিশ্চিত করা এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর সহযোগিতা নিয়ে কলেজটিকে আরও এগিয়ে নেওয়াই হবে আমার প্রধান লক্ষ্য।”
এ সময় বক্তারা বলেন, হামিদুল ইসলাম হামিদের অভিজ্ঞতা ও সহযোগিতায় প্রতিষ্ঠানের বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি হবে। তাঁর নেতৃত্বে কলেজের শিক্ষার মান ও অবকাঠামোগত উন্নয়ন আরও গতিশীল হবে বলে তারা আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে কলেজের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে নবনির্বাচিত সভাপতি হামিদুল ইসলাম হামিদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।























