নওগাঁয় কলেজছাত্রীকে ইভটিজিং, ডিবির অভিযানে যুবক গ্রেফতার
- প্রকাশের সময় : ০১:৪৯:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
- / 14
নওগাঁ সরকারি কলেজের এক ছাত্রীকে রাস্তায় যৌন হয়রানির অভিযোগে কাজী আব্দুল্লাহ ওরফে ফুয়াদ (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। অভিযানে হয়রানির ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।
নওগাঁ পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের সরাসরি নির্দেশনায় তথ্যপ্রযুক্তি ও এআই ক্যামেরার তথ্য বিশ্লেষণ করে আসামিকে শনাক্তের পর নওগাঁ ও বগুড়ার আদমদিঘীতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সুপার জানান, কয়েকদিন আগে নওগাঁ সরকারি কলেজের মাস্টার্সের এক ভুক্তভোগী ছাত্রী তার কার্যালয়ে এসে অভিযোগ করেন। তিনি জানান, গত ১৬ আগস্ট টিউশনে যাওয়ার উদ্দেশ্যে মেস থেকে বের হন। এটিএম মাঠের গলি দিয়ে ইমরুল কায়েসের বাসার সামনে পৌঁছালে পেছন থেকে অজ্ঞাতপরিচয় এক মোটরসাইকেল আরোহী তাকে ব্যাড টাচ করে দ্রুত পালিয়ে যায়।
অভিযোগ পাওয়ার পর পুলিশ সুপার দ্রুত আসামিকে শনাক্ত ও গ্রেফতারের জন্য জেলা গোয়েন্দা শাখাকে নির্দেশ দেন। এরপর ডিবির একটি দল টানা পাঁচ দিন তথ্যপ্রযুক্তি ও এআই ক্যামেরার ডাটা বিশ্লেষণ করে ওই যুবক ও তার ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত করে।
পরে নওগাঁ ও বগুড়ার আদমদিঘী এলাকায় অভিযান চালিয়ে শান্তাহার থেকে কাজী আব্দুল্লাহ ওরফে ফুয়াদকে গ্রেফতার করা হয়। তিনি আদমদিঘী থানার শান্তাহার জনকলোনির বাসিন্দা। তার বাবার নাম নজরুল ইসলাম এবং মায়ের নাম কাকলী ইসলাম।
পুলিশ জানায়, পরবর্তীতে ভুক্তভোগী ও আসামিকে শনাক্ত করা হয়। গ্রেফতারকৃত যুবকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, সড়কসহ যেকোনো স্থানে নারী ও শিশুর বিরুদ্ধে যেকোনো ধরনের সহিংসতা বা যৌন হয়রানি কঠোরভাবে আইন অনুযায়ী দমন করবে জেলা পুলিশ।























