শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জাবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ককে শোকজ
- প্রকাশের সময় : ০৭:৫৪:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
- / 20
সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফয়সাল হোসেনকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ।
শুক্রবার (৭ আগস্ট) ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শাখা ছাত্রদলের দায়িত্বশীল পদে থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠেছে ফয়সাল হোসেনের বিরুদ্ধে। এ ধরনের কর্মকাণ্ডের দায়ে কেন তার বিরুদ্ধে স্থায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা আগামী ২৪ ঘণ্টার মধ্যে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিতভাবে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
এতে আরও বলা হয়, কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের নির্দেশে এ নোটিশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে তাদের উপস্থিতিতে ফয়সাল হোসেনকে লিখিত ব্যাখ্যা জমা দিতে হবে।
দলীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসেন। এ সময় তাকে ছাত্রদলের প্রটোকলে নিয়ে যাওয়ার সময় ফয়সাল হোসেনের সঙ্গে ধাক্কাধাক্কি ও বিশৃঙ্খলার ঘটনা ঘটে বলে অভিযোগ রয়েছে।
পরে রাতে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে শাখা ছাত্রদলের একাধিক নেতার সঙ্গে ফয়সাল হোসেনের বাকবিতণ্ডা হয় বলেও দলীয় সূত্রে জানা গেছে।
























