রাষ্ট্রবিরোধী গোপন তৎপরতায় জবির ৬৮ শিক্ষকের সংশ্লিষ্টতা তদন্তে কমিটি
- প্রকাশের সময় : ০৯:৪০:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
- / 16
গণমাধ্যমে প্রকাশিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ৬৮ জন শিক্ষক রাষ্ট্রবিরোধী গোপন তৎপরতায় জড়িত থাকার অভিযোগের প্রেক্ষিতে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, ইতিহাস বিভাগের অধ্যাপক ড. নাছির আহমদকে আহ্বায়ক এবং রেজিস্ট্রার দফতরের সেকশন অফিসার (গ্রেড-২) আবুল মালেককে সদস্য সচিব করে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন- রসায়ন বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ জামির হোসেন এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মেজবাহ-উল আলম সওদাগর।
অফিস আদেশে আরও বলা হয়েছে, আগামী ১৩ আগস্টের মধ্যে কমিটিকে অভিযোগে উল্লেখিত শিক্ষকদের রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগ যাচাই, সংশ্লিষ্টদের চিহ্নিতকরণ, করণীয় নির্ধারণ এবং প্রয়োজনীয় সুপারিশসহ প্রতিবেদন জমা দিতে হবে। এছাড়া গণমাধ্যমে প্রকাশিত ছবিতে উল্লিখিত শিক্ষকদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আন্দোলন দমন এবং শিক্ষার্থীদের হুমকি দেওয়ার অভিযোগও তদন্তের আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, উপাচার্যের নির্দেশক্রমে এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
উল্লেখ্য, এ তদন্ত কমিটি অভিযোগের সত্যতা যাচাইয়ের উদ্দেশ্যে গঠন করা হয়েছে। তদন্ত শেষ হওয়ার আগে অভিযোগগুলো প্রমাণিত বা অপ্রমাণিত- কোনোটিই চূড়ান্তভাবে প্রতিষ্ঠিত নয়।























