বেনাপোল দিয়ে সাড়ে ৮ মাস পর ভারত থেকে এলো কাঁচামরিচ
- প্রকাশের সময় : ০৪:৩৯:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
- / 9
দেশে অতিবৃষ্টির কারণে কাঁচামরিচের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় বাজার নিয়ন্ত্রণে ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু হয়েছে। প্রায় সাড়ে আট মাস পর বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রথম চালানে ভারতীয় কাঁচামরিচ দেশে প্রবেশ করেছে।
সোমবার (৩ আগস্ট) সন্ধ্যায় ভারতীয় একটি ট্রাকে ৯ টন ২০০ কেজি কাঁচামরিচ বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে আসে। বন্দর-সংক্রান্ত আনুষ্ঠানিকতা শেষে রাতেই চালানটি ঢাকার উদ্দেশে পাঠানো হয়।
প্রথম চালানটির আমদানিকারক শিমু এন্টারপ্রাইজ। বন্দর থেকে পণ্য খালাস কার্যক্রমে সহযোগিতা করে মেসার্স শিমু শিপিং লাইন্স (সি অ্যান্ড এফ এজেন্ট)।
বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) শামিম হোসেন জানান, মরিচবাহী ট্রাক বন্দরে পৌঁছানোর পর দ্রুত কাগজপত্রের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে খালাসের ব্যবস্থা করা হয়েছে। সীমান্তের ওপারে আরও কয়েকটি ট্রাক কাঁচামরিচ নিয়ে বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় রয়েছে।
আমদানিকারক শাহাজান জানান, প্রতি কেজি কাঁচামরিচ আমদানিতে তার মোট ব্যয় প্রায় ১৩৫ টাকা পড়েছে। সামান্য লাভ রেখে বাজারে বিক্রি করা হবে। তিনি বলেন, আমদানি বাড়লে বাজারে কাঁচামরিচের দাম কমে আসবে। তবে কাস্টমসে হয়রানি, পণ্য ছাড়ে জটিলতা এবং অতিরিক্ত রাজস্ব পরিশোধের কারণে আমদানি ব্যয় বেড়ে যাচ্ছে, যা ব্যবসায়ীদের লোকসানের মুখে ফেলছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, সরকারের অনুমতি পাওয়ার পর ভারতের বিভিন্ন অঞ্চল, বিশেষ করে নাসিক থেকে কাঁচামরিচ আমদানি শুরু হয়েছে। প্রথম ধাপে ৬৯ জন ব্যবসায়ী মোট ২৯ হাজার ৭১০ টন কাঁচামরিচ আমদানির অনুমতিপত্র (আইপি) পেয়েছেন এবং সোমবার রাত থেকেই আমদানি কার্যক্রম শুরু হয়েছে।
এদিকে বেনাপোল বন্দরের কাঁচাবাজারে সোমবার প্রতি কেজি কাঁচামরিচ ৩০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। বিক্রেতাদের আশা, আমদানি বাড়লে বাজারে দাম আরও কমে আসবে।
আমদানি-সংক্রান্ত কাগজপত্র পর্যালোচনায় দেখা গেছে, প্রতি টন কাঁচামরিচের ঘোষিত আমদানি মূল্য ২৩ হাজার ৮৭৫ টাকা, অর্থাৎ প্রতি কেজির মূল্য প্রায় ২৪ টাকা। এর সঙ্গে কেজিপ্রতি প্রায় ৪৫ টাকা শুল্ক যোগ হওয়ায় আমদানি ব্যয় প্রায় ৭৮ টাকা হওয়ার কথা। তবে পরিবহন, কাস্টমস ও খালাসসহ অন্যান্য ব্যয় যুক্ত হওয়ায় প্রকৃত খরচ আরও বেড়ে যাচ্ছে বলে দাবি আমদানিকারকদের।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে কাঁচামরিচের উচ্চমূল্যে সাধারণ ক্রেতারা ভোগান্তিতে পড়েছেন। তারা বাজারে কার্যকর তদারকি জোরদারের দাবি জানিয়েছেন।
সরকার দেশের বাজারে কাঁচামরিচের সরবরাহ স্বাভাবিক রাখা এবং মূল্য নিয়ন্ত্রণে ভারত থেকে কাঁচামরিচ আমদানির অনুমতি দিয়েছে। কৃষি বিভাগের তথ্যমতে, সরবরাহ সংকট মোকাবিলায় এই আমদানি কার্যক্রম চালু করা হয়েছে।



















