১৬ বছরের অপেক্ষার অবসান, অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোয় স্পেন
- প্রকাশের সময় : ১১:০৬:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
- / 21
দীর্ঘ ১৬ বছরের অপেক্ষার অবসান ঘটাল স্পেন। অস্ট্রিয়াকে উড়িয়ে দিয়ে ২০১০ বিশ্বকাপের পর নকআউট পর্বে প্রথম জয়ের দেখা পেল ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। এগিয়ে গেল শিরোপা পুনরুদ্ধারের পথে।
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে অনুষ্ঠিত রাউন্ড অব ৩২-এর ম্যাচে অস্ট্রিয়াকে ৩-০ গোলে হারিয়েছে স্পেন।
মিকেল ওয়ারজাবালের জোড়া গোলের সাথে একটি গোল করেন পেদ্রো পোরো।
শুরু থেকেই বলের দখল ও আক্রমণে আধিপত্য বিস্তার করে লুইস দে লা ফুয়েন্তের দল। লামিন ইয়ামাল, পেদ্রি, দানি ওলমো ও আলেক্স বায়েনার সমন্বিত আক্রমণে বারবার চাপে পড়ে রালফ রাংনিকের অস্ট্রিয়া।
২৯ মিনিটে কর্নার থেকে মার্ক কুকুরেয়ার শট জালে জড়ালেও গোলরক্ষকের ওপর ফাউলের কারণে ভিএআরের সিদ্ধান্তে সেটি বাতিল হয়। ৩৫ মিনিটে অফসাইডের কারণে লামিন ইয়ামালের একটি প্রচেষ্টাও ব্যর্থ হয়।
তবে পরের মিনিটে আর রক্ষা হয়নি অস্ট্রিয়ার। পেদ্রি দৌড়ে এসে বল দেন বাম প্রান্তে থাকা কুকুরেয়ার কাছে। তার নিখুঁত নিচু ক্রস থেকে কাছ থেকে বাঁ পায়ের শটে জালে বল পাঠান ওয়ারজাবাল। এগিয়ে থেকেই বিরতিতে যায় স্পেন।
বিরতির আগে ব্যবধান দ্বিগুণ করার সুযোগও পেয়েছিল লা রোজা। কিন্তু আলেক্স বায়েনার ফ্রি-কিক পোস্টে লেগে ফিরে আসে। ফিরতি বলে ইয়ামালের শট অসাধারণ দক্ষতায় ঠেকিয়ে দেন শ্লাগার।
দ্বিতীয়ার্ধে অস্ট্রিয়া কিছুটা আক্রমণাত্মক হওয়ার চেষ্টা করলেও স্পেনের নিয়ন্ত্রিত ফুটবলের সামনে খুব একটা সুবিধা করতে পারেনি। ৬১ মিনিটে বদলি সাসা কালাইজিচের হেড অল্পের জন্য বাইরে চলে যায়।
এর পাঁচ মিনিট পরই ম্যাচ কার্যত নিজেদের করে নেয় স্পেন। কুকুরেয়ার কাছ থেকে বল পেয়ে বায়েনা দারুণ এক ক্রস তুলে দেন। সেটিতে দৌড়ে এসে হেডে গোল করেন পেদ্রো পোরো। জাতীয় দলের জার্সিতে এটিই তার প্রথম গোল।
ম্যাচের ৮৯ মিনিটে আবারো কুকুরেয়ার পাস থেকেই আসে স্পেনের তৃতীয় গোল। বাম দিক থেকে তার নিচু ক্রসে নিখুঁত ফিনিশিংয়ে নিজের জোড়া গোল পূর্ণ করেন ওয়ারজাবাল। জোড়া অ্যাসিস্ট করেন কুকুরেয়া।
এই জয়ে শুধু শেষ ষোলো নিশ্চিত হয়নি স্পেনের, শেষ হয়েছে দীর্ঘ এক আক্ষেপও। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপ জয়ের পথে নকআউটে একের পর এক জয় পেয়েছিল স্পেন।
কিন্তু এরপর ২০১৪, ২০১৮ ও ২০২২—টানা তিনটি বিশ্বকাপে নকআউট পর্বে আর কোনো জয়ের দেখা পায়নি স্প্যানিশরা। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটাল লামিন ইয়ামাল, পেদ্রিরা।
শেষ ষোলোয় স্পেনের প্রতিপক্ষ হবে পর্তুগাল ও ক্রোয়েশিয়ার মধ্যকার ম্যাচের বিজয়ী। বর্তমান ছন্দে থাকা লা রোজা নিজেদের আরো একবার শিরোপার অন্যতম দাবিদার হিসেবেই প্রমাণ করল।


























