দোহায় পরোক্ষ বৈঠকে যুক্তরাষ্ট্র-ইরান
- প্রকাশের সময় : ০৫:৪৭:০৯ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
- / 16
মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানে হওয়া সমঝোতা বাস্তবায়ন নিয়ে কাতারের রাজধানী দোহায় পরোক্ষ বৈঠকে বসেছেন যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা।
বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন বিষয়টি সম্পর্কে অবগত এক কূটনীতিক।
তিনি জানান, লেক লুসার্ন সম্মেলনের অগ্রগতির ভিত্তিতে তৈরি সমঝোতা স্মারক নিয়ে কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় কারিগরি পর্যায়ের এই আলোচনা অনুষ্ঠিত হচ্ছে। তবে মার্কিন প্রতিনিধি জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফ এ আলোচনায় অংশ নিচ্ছেন না। এর আগে মঙ্গলবার তারা কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানির সঙ্গে বৈঠক করেন।
সমঝোতা স্মারকে ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুদ্ধ বন্ধে ৬০ দিনের যুদ্ধবিরতি, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর সময়সীমা অন্তর্ভুক্ত রয়েছে।
যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি আলোচনার কথা বলেছিলেন, তেহরান তা নাকচ করে দিয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, ইরানি প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিভাবাদি। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার কোনো পরিকল্পনা নেই বলেও তিনি জানান।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার কুশনার ও উইটকফের সঙ্গে দেশটির প্রধানমন্ত্রীর বৈঠকে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা এবং লেবাননের সাম্প্রতিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে।
সূত্র: এএফপি

















