অনলাইন জুয়া খেলার সময় দেশীয় অস্ত্রসহ ২ জুয়াড়ি গ্রেপ্তার
- প্রকাশের সময় : ১১:৫৩:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
- / 130
নওগাঁ সদর উপজেলায় অনলাইন জুয়া খেলার সময় দেশীয় অস্ত্র, মোবাইল ফোন ও নগদ টাকাসহ দুই জুয়াড়িকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার (১৮ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে নওগাঁ সদর উপজেলার খলিশাকুড়ি গ্রামের একটি সুপারি বাগানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় এবং ডিবির ওসি মো. হাসিবুল্লাহ হাসিবের নেতৃত্বে একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানে জগতসিংহপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে ইমাম হাসান বুলেট এবং জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার হাস্তা বাসন্তপুর গ্রামের মনতাসের আলীর ছেলে আশিকুর রহমান সানিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের দেহ তল্লাশি ও ব্যবহৃত মোবাইল ফোন পরীক্ষা করে বিভিন্ন অনলাইন জুয়ার অ্যাপের তথ্য পাওয়া যায়। ইমাম হাসান বুলেটের মোবাইলে ACE67, BD345, 2222Bet, 7J77, 77ABC, Jita Go, Taka Bet, UIP, BB44, PKOK, CK44, 2777Bet, BK33 ও CV66সহ একাধিক অনলাইন জুয়ার প্ল্যাটফর্মের ব্যবহার শনাক্ত করা হয়।
পুলিশের দাবি, এসব অ্যাপের মাধ্যমে ইমাম হাসান বুলেট গত এক মাসে ৭৩ হাজার ৮৩৭ টাকার লেনদেন করেছেন। এছাড়া তার কাছ থেকে একটি দেশীয় অস্ত্র (বড় ছোরা) উদ্ধার করা হয়।
অন্যদিকে আশিকুর রহমানের মোবাইল ফোনে জুয়া সংক্রান্ত বিকাশ ও নগদ লেনদেনের তথ্য পাওয়া যায়। অভিযানের সময় ইমাম হাসান বুলেটের কাছ থেকে ১ হাজার ৫৪০ টাকা এবং আশিকুর রহমানের কাছ থেকে ১ হাজার ১৪০ টাকা উদ্ধার করা হয়। এছাড়া দুটি মোবাইল ফোন ও একটি ছোরা জব্দ করা হয়েছে।
ডিবি পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
পুলিশ সূত্রে আরও জানা যায়, ইমাম হাসান বুলেটের বিরুদ্ধে মাদক, জুয়া, চুরি ও ডাকাতির প্রস্তুতিসহ একাধিক মামলা রয়েছে।























