যাত্রা ও সার্কাস শিল্পকে অশ্লীলতামুক্ত করে নিজস্ব গৌরবে ফিরিয়ে আনতে হবে: প্রতিমন্ত্রী খৈয়ম
- প্রকাশের সময় : ০৯:৪৪:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
- / 26
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, যাত্রাপালা ও সার্কাস শিল্পকে অশ্লীলতা ও নোংরামি থেকে মুক্ত করে এর নিজস্ব ঐতিহ্য, স্বকীয়তা ও গৌরবের অবস্থানে ফিরিয়ে আনতে হবে। সকল ধরনের বিকৃত সংস্কৃতিকে নির্মূল করে সুস্থ ও সাবলীল সাংস্কৃতিক ধারা প্রতিষ্ঠা করা আমাদের নৈতিক দায়িত্ব।
বুধবার (১৭ জুন) বিকেল ৩টায় রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা ভবনে অনুষ্ঠিত ‘যাত্রাপালা ও সার্কাস শিল্পের ঐতিহ্য সংরক্ষণ, বিকাশ এবং মানোন্নয়ন’ বিষয়ক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, যাত্রাপালা ও সার্কাস বাংলাদেশের লোকজ সংস্কৃতির গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। এই শিল্পকে টিকিয়ে রাখতে হলে এর মৌলিক বৈশিষ্ট্য ও ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি যুগোপযোগী উন্নয়ন ও মানোন্নয়নের উদ্যোগ নিতে হবে।
তিনি আরও বলেন, শিল্পী, সংগঠক, গবেষক ও সংশ্লিষ্টদের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে যাত্রাপালা ও সার্কাসকে নতুন প্রজন্মের কাছে আরও আকর্ষণীয় করে তুলতে হবে। একই সঙ্গে এ শিল্পের সঙ্গে যুক্ত মানুষের জীবনমান উন্নয়নেও কার্যকর পদক্ষেপ গ্রহণ প্রয়োজন।
কর্মশালায় যাত্রাপালা ও সার্কাস শিল্পের বর্তমান অবস্থা, চ্যালেঞ্জ এবং সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। এ সময় সংশ্লিষ্ট শিল্পী, সংস্কৃতিকর্মী ও বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।






















