জীবননগরে এমপি আমির হামজার পরিবারের ওপর হামলা
- প্রকাশের সময় : ০৮:১৩:৩২ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬
- / 13
চুয়াডাঙ্গার জীবননগরে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার পরিবারের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার শ্যালক হাফেজ আবু বক্কর সিদ্দিক আহত হয়েছেন বলে জানা গেছে।
সোমবার (১ জুন) সন্ধ্যায় উপজেলার হাসাদাহ এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে হামলার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।
আহত হাফেজ আবু বক্কর সিদ্দিক অভিযোগ করে বলেন, একটি ইজিবাইকের সঙ্গে ধাক্কা লাগাকে কেন্দ্র করে তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়।
তবে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ ঘটনার ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেন, “এমপি আমির হামজার ওপর কোনো হামলার ঘটনা ঘটেনি। তার শ্যালকের সঙ্গে একটি ইজিবাইকের ধাক্কা লাগাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে তর্কবিতর্ক হয়েছে।”
তিনি আরও জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

















