আদ-দ্বীন হাসপাতালে সংবাদ সংগ্রহে বাধা, সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ
- প্রকাশের সময় : ০৮:০২:৫৮ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬
- / 98
রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন হাসপাতালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে বাধা ও হামলার শিকার হওয়ার অভিযোগ করেছেন গণমাধ্যমকর্মীরা। শনিবার (৩০ মে) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
সাংবাদিকদের অভিযোগ, হাসপাতালের একটি বেকারি পরিদর্শনকে কেন্দ্র করে সংবাদ সংগ্রহের জন্য তারা সেখানে গেলে হাসপাতাল কর্তৃপক্ষের নিরাপত্তা ও পরিচ্ছন্নতাকর্মীরা তাদের প্রবেশে বাধা দেন। এ সময় হাসপাতালের অধিকাংশ প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয় এবং ১ নম্বর গেটের সামনে নিরাপত্তা ও পরিচ্ছন্নতাকর্মীদের অবস্থান নিতে দেখা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, হাসপাতালে প্রবেশকে কেন্দ্র করে সাংবাদিকদের সঙ্গে নিরাপত্তাকর্মীদের বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সেখানে পুলিশ ও র্যাব সদস্যরা উপস্থিত হন। এ সময় কিছু নিরাপত্তাকর্মী গণমাধ্যমকর্মীদের প্রতি মারমুখী আচরণ করেন বলে অভিযোগ ওঠে।
পরে হাসপাতালের এক সিনিয়র ম্যানেজার ঘটনাস্থলে উপস্থিত হলেও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের সন্তোষজনক জবাব দিতে পারেননি বলে অভিযোগ করেন উপস্থিত গণমাধ্যমকর্মীরা।
এর আগে হাসপাতাল চত্বরে একটি বেকারি পরিচালনার অভিযোগের প্রেক্ষিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা সরদার মো. সাখাওয়াত হোসেন সেখানে পরিদর্শনে যান। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের জানান, বেকারিটি নানা অনিয়মের মধ্য দিয়ে পরিচালিত হচ্ছিল।
তিনি বলেন, “বেকারিতে দুটি বৈদ্যুতিক ওভেন ব্যবহার করা হলেও সেখানে কোনো প্রকৌশলী নেই। পরিবেশও অত্যন্ত অপরিচ্ছন্ন। বিপুল পরিমাণ ময়লা পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হবে।”
উপদেষ্টা আরও জানান, ওই বেকারিতে হাজার হাজার শিক্ষার্থীর জন্য খাদ্য প্রস্তুত করা হতো। সেখান থেকে কোনো ক্ষতিকর গ্যাস নির্গত হয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য, গত ২৭ মে আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে ছয় শিশুর মৃত্যুর ঘটনায় দেশজুড়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়। এ ঘটনায় সরকার একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিকে আগামী ৩ জুনের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

























