ঈদযাত্রায় যমুনা সেতুতে ৬ দিনে ২০ কোটি টাকার টোল আদায়
- প্রকাশের সময় : ০৩:৩৩:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬
- / 19
ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের চাপ বাড়ায় গত ছয় দিনে যমুনা সেতু দিয়ে ২ লাখ ৬২ হাজারের বেশি যানবাহন চলাচল করেছে। এ সময় টোল আদায় হয়েছে ২০ কোটি ৩৪ লাখ টাকার বেশি।
বৃহস্পতিবার (২৮ মে) সকালে যমুনা সেতু কর্তৃপক্ষ সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, গত ২২ মে থেকে ২৭ মে রাত ১২টা পর্যন্ত সেতু দিয়ে মোট ২ লাখ ৬২ হাজার ৯০৮টি যানবাহন চলাচল করেছে। এর মধ্যে পূর্ব টোলপ্লাজা দিয়ে উত্তরবঙ্গগামী যানবাহন চলেছে ১ লাখ ৫৯ হাজার ২৪৩টি এবং পশ্চিম টোলপ্লাজা দিয়ে ঢাকামুখী যানবাহন চলেছে ১ লাখ ৩ হাজার ৬৬৫টি।
এই সময়ে মোট টোল আদায় হয়েছে ২০ কোটি ৩৪ লাখ ৪৭ হাজার ১০০ টাকা। এর মধ্যে পূর্ব টোলপ্লাজা থেকে আদায় হয়েছে ১১ কোটি ৩০ লাখ ২৮ হাজার ৯০০ টাকা এবং পশ্চিম টোলপ্লাজা থেকে এসেছে ৯ কোটি ৪ লাখ ১৮ হাজার ২০০ টাকা।
সেতু কর্তৃপক্ষ জানায়, ২২ মে ৩৪ হাজার ৯৬৬টি যানবাহনের বিপরীতে ৩ কোটি ২৪ লাখ টাকার বেশি টোল আদায় হয়। ২৩ মে ৩২ হাজার ৬৪৯টি যানবাহন থেকে প্রায় ২ কোটি ৯৭ লাখ টাকা, ২৪ মে ৩৯ হাজার ৯১৯টি যানবাহন থেকে ৩ কোটি ২৫ লাখ টাকার বেশি এবং ২৫ মে ৫৩ হাজার ২৪৬টি যানবাহন থেকে ৩ কোটি ৭৭ লাখ টাকার বেশি টোল আদায় করা হয়।
এছাড়া ২৬ মে ৫৬ হাজার ২৩৯টি যানবাহন চলাচলের বিপরীতে ৩ কোটি ৭৫ লাখ ৯৮ হাজার ৬০০ টাকা এবং ২৭ মে ৪৫ হাজার ৮৮৯টি যানবাহন থেকে ৩ কোটি ৩৪ লাখ ৭১ হাজার ৩৫০ টাকা টোল আদায় হয়েছে।
যমুনা সেতুর রক্ষণাবেক্ষণ ও পরিচালন শাখার নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, ঈদে ঘরমুখো মানুষের চাপে স্বাভাবিক সময়ের তুলনায় দুই থেকে চার গুণ বেশি যানবাহন সেতু পার হয়েছে। অতিরিক্ত চাপ সামলাতে নিয়মিত ১৪টি বুথের পাশাপাশি আরও চারটি অতিরিক্ত বুথ চালু করা হয়েছিল।























