বিচার চাই না, আপনারা বিচার করতে পারবেন না: রামিসার বাবার আক্ষেপ
- প্রকাশের সময় : ০৪:০৫:২৯ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
- / 25
“আমি বিচার চাই না, কারণ আপনারা বিচার করতে পারবেন না। আপনাদের বিচার করার কোনো রেকর্ড নেই।” রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তার হত্যাকাণ্ডের পর মেয়ের মৃত্যুর বিচার নিয়ে ক্ষোভ ও হতাশা প্রকাশ করে এ কথাগুলো বলেন তার বাবা আবদুল হান্নান মোল্লা।
তিনি বলেন, “আপনারা বিচার করতে পারবেন না। আমার মেয়েও আর ফিরে আসবে না। আপনাদের বিচারের কোনো উদাহরণ নেই। এটা বড়জোর ১৫ দিন চলবে, এরপর আবার অন্য কোনো ঘটনা ঘটবে। তারপর এ ঘটনাও ধামাচাপা পড়ে যাবে।”
মঙ্গলবার রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে নৃশংসভাবে হত্যা করা হয়। এ ঘটনায় প্রতিবেশী সোহেল রানা (৩০) ও তার স্ত্রী স্বপ্নাকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে আয়োজিত সংবাদ সম্মেলনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন নজরুল ইসলাম জানান, অভিযুক্ত দম্পতি মাত্র দুই মাস আগে রামিসাদের উল্টো পাশের ফ্ল্যাটে ভাড়া ওঠেন।
পুলিশ জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে রামিসাকে স্কুলে পাঠানোর জন্য খুঁজতে গিয়ে তার মা প্রতিবেশী ওই ফ্ল্যাটের দরজার সামনে মেয়ের স্যান্ডেল দেখতে পান। তিনি দরজায় বারবার নক করলেও ভেতর থেকে দরজা খোলা হয়নি। এ সময় ফ্ল্যাটের ভেতরে হত্যাকাণ্ড সংঘটিত হচ্ছিল বলে ধারণা করছে পুলিশ।
ডিএমপির অতিরিক্ত কমিশনার বলেন, মূল আসামি সোহেল রানাকে পালানোর সুযোগ করে দিতেই তার স্ত্রী স্বপ্না দীর্ঘ সময় দরজা বন্ধ রাখেন।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটি বিকৃত যৌনলালসার শিকার হয়েছিল। নির্যাতন বা রক্তক্ষরণের বিষয়টি প্রকাশ হয়ে পড়ার আশঙ্কায় তাকে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে আলামত নষ্ট ও মরদেহ গুমের উদ্দেশ্যে শিশুটির মাথা ও হাত কেটে ফেলা হয়।
তবে ধর্ষণের বিষয়টি ময়নাতদন্ত ও কেমিক্যাল পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

























