মুক্তি পেল বিশ্বকাপের অফিসিয়াল গান ‘দাই দাই’
- প্রকাশের সময় : ০৫:১৬:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
- / 20
আসন্ন ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে প্রকাশ করা হয়েছে টুর্নামেন্টের অফিসিয়াল গান ‘দাই দাই’। কলম্বিয়ান পপ তারকা শাকিরা এবং নাইজেরিয়ান সংগীতশিল্পী বুর্না বয় গানটিতে কণ্ঠ দিয়েছেন।
সপ্তাহখানেক আগে ব্রাজিলের ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে এক মিনিট ৭ সেকেন্ডের টিজার প্রকাশের পর এবার বড় স্ট্রিমিং প্ল্যাটফর্মে গানটি আনুষ্ঠানিকভাবে মুক্তি পেল।
আজ শুক্রবার গানটির মুক্তির ঘোষণা দেয় বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা FIFA। সংস্থাটি জানিয়েছে, গান থেকে অর্জিত রয়্যালটি তাদের গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ডে জমা দেওয়া হবে। টুর্নামেন্ট শেষে এই ফান্ডে প্রায় ১০ কোটি ডলার সংগ্রহের লক্ষ্য রয়েছে, যা বিশ্বজুড়ে শিশুদের শিক্ষা ও ফুটবল উন্নয়নে ব্যয় করা হবে।
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হবে আসন্ন বিশ্বকাপের সবচেয়ে বড় আসর। ১১ জুন শুরু হয়ে চলবে ১৯ জুলাই পর্যন্ত। ফাইনালের হাফ টাইম শোতে পারফর্ম করবেন ম্যাডোনা, শাকিরা এবং কোরিয়ান পপ গ্রুপ বিটিএস।
বিশ্বকাপে শাকিরা বরাবরই পরিচিত মুখ। ২০১০ সালে তিনি জনপ্রিয় থিম সং ‘ওয়াকা ওয়াকা’র মূল কণ্ঠশিল্পী ছিলেন। এছাড়া ২০০৬ ও ২০১৪ সালের বিশ্বকাপ ফাইনালেও তার পারফরম্যান্স দর্শকদের মাতিয়ে তোলে।






















