কোটালীপাড়ায় আগামীকাল থেকে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী সুকান্ত মেলা
- প্রকাশের সময় : ০২:১৮:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
- / 148
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় আগামীকাল বুধবার (১৩ মে) থেকে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী কবি সুকান্ত মেলা। উপজেলার আমতলী ইউনিয়নের উনশিয়া গ্রামে কবি সুকান্ত ভট্টাচার্যের পৈতৃক ভিটায় এ মেলা অনুষ্ঠিত হবে।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও গোপালগঞ্জ জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়েছে। প্রশাসনের পাশাপাশি স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গও আয়োজনে সহযোগিতা করছেন। ইতোমধ্যে উপজেলা প্রশাসন মেলার সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী এডভোকেট নিতাই রায় চৌধুরী। মেলার সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।
মেলায় কবিদের আবৃত্তি, শিক্ষার্থীদের রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং বিভিন্ন শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। পাশাপাশি মেলা প্রাঙ্গণ ও আশপাশে বসবে গ্রামীণ মেলা।
এ মেলাকে ঘিরে কোটালীপাড়া ও আশপাশের এলাকায় ইতোমধ্যে উৎসবের আমেজ তৈরি হয়েছে। কবি খান চমন-ই-এলাহী বলেন, প্রতি বছরই কবি সুকান্ত ভট্টাচার্যের পৈতৃক ভিটায় এ মেলা অনুষ্ঠিত হয়। তবে এবার নানা নতুন আয়োজন যুক্ত হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাগুফতা হক জানান, মেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন কঠোর নজরদারিতে থাকবে।
উল্লেখ্য, কবি সুকান্ত ভট্টাচার্য ১৯২৬ সালের ১৫ আগস্ট কলকাতার কালীঘাটে জন্মগ্রহণ করেন এবং ১৯৪৭ সালের ১৩ মে মাত্র ২১ বছর বয়সে মৃত্যুবরণ করেন। তিনি কলকাতায় জন্মগ্রহণ করলেও তার পৈতৃক ভিটা গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার উনশিয়া গ্রামে। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে ‘ছাড়পত্র’, ‘ঘুম নেই’, ‘পূর্বাভাস’, ‘অভিযান’ ও ‘হরতাল’। তার কবিতায় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং শোষিত মানুষের পক্ষে দৃঢ় অবস্থান ফুটে উঠেছে।




















