অলিখিত ফাইনাল আজ
- প্রকাশের সময় : ১০:২০:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
- / 18
দুই বছর পর চট্টগ্রামে ফিরেছে ওয়ানডে ক্রিকেট। এক সময়ের জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়াম, বর্তমানে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ আজ অনুষ্ঠিত হবে। তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা থাকায় ম্যাচটি রূপ নিয়েছে অলিখিত ফাইনালে।
সিরিজের প্রথম ম্যাচে ২৬ রানে হেরে পিছিয়ে পড়েছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়ে ৬ উইকেটের জয়ে সমতা ফেরায় স্বাগতিকরা। ফলে আজকের ম্যাচটি হয়ে উঠেছে নির্ধারণী লড়াই। মেহেদি হাসান মিরাজের নেতৃত্বে বাংলাদেশ টানা তৃতীয় সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামছে।
২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে র্যাঙ্কিংয়ের শীর্ষ আটে থাকতে হবে। বর্তমানে বাংলাদেশ রয়েছে নবম স্থানে। যদিও এই সিরিজ জিতলেও অবস্থান পরিবর্তনের সম্ভাবনা কম, তবে নিউজিল্যান্ডকে হারাতে পারলে রেটিং পয়েন্ট বাড়বে।
দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের জয়ের নায়ক ছিলেন নাহিদ রানা। তার গতি ও সুইংয়ে বিপর্যস্ত হয়ে পড়ে নিউজিল্যান্ডের ব্যাটিং লাইনআপ। তিনি ৩২ রানে ৫ উইকেট নিয়ে দলকে বড় সাফল্য এনে দেন। জবাবে তানজিদ তামিমের ৭৯ ও নাজমুল হোসেন শান্তর ৫০ রানের ইনিংসে সহজেই লক্ষ্য ছুঁয়ে ফেলে বাংলাদেশ।
তবে ধীরগতির ওভার রেটের কারণে দ্বিতীয় ম্যাচে জরিমানার মুখে পড়তে হয় বাংলাদেশকে। নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে না পারায় ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা গুনতে হয়েছে দলকে।
বোলিং বিভাগে শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদও ভালো পারফর্ম করছেন। ইনজুরিতে থাকা মুস্তাফিজুর রহমানের খেলা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে, যদিও তিনি কিছুটা বোলিং করেছেন অনুশীলনে।
চট্টগ্রামের এই ভেন্যুতে বাংলাদেশ এখন পর্যন্ত ৩১টি ওয়ানডে খেলেছে, যার মধ্যে ১৯টিতে জয় পেয়েছে। নিউজিল্যান্ডের বিপক্ষে এখানে একমাত্র ম্যাচটি হয়েছিল ২০০৮ সালে, যেখানে জয় পেয়েছিল সফরকারীরা।
সব মিলিয়ে সিরিজ নির্ধারণী এই ম্যাচে দুই দলই নামছে সমান প্রত্যাশা নিয়ে। তবে ঘরের মাঠে বাংলাদেশই এগিয়ে থাকতে চায়।





















