ট্রাম্প আলোচনার টেবিলকে ‘আত্মসমর্পণের টেবিলে’ পরিণত করতে চান
- প্রকাশের সময় : ১১:২০:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
- / 105
আলোচনার আড়ালে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে চাইছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প—এমন অভিযোগ করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, যুক্তরাষ্ট্র আলোচনার টেবিলকে আত্মসমর্পণের টেবিলে পরিণত করতে চায় এবং হুমকির মুখে কোনো আলোচনা ইরানের কাছে গ্রহণযোগ্য নয়। তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র পুনরায় অভিযান শুরু করলে ইরানও ‘নতুন কার্ড’ দেখাবে।
গত ৮ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ১৪ দিনের যুদ্ধবিরতি চলছে, যা শেষ হবে ২২ এপ্রিল। এর মধ্যে শান্তিচুক্তির লক্ষ্যে ইসলামাবাদে উভয় পক্ষের বৈঠক হলেও দীর্ঘ আলোচনার পরও কোনো চুক্তি হয়নি।
আলোচনা ব্যর্থ হওয়ার পর ইরানের বন্দর ও হরমুজ প্রণালিতে অবরোধ জারি করতে নির্দেশ দিয়েছেন ট্রাম্প। তিনি সতর্ক করে বলেছেন, চুক্তি না হলে যুদ্ধবিরতি শেষ হওয়ার পর আবারও ইরানে অভিযান শুরু হতে পারে।




















