সুদানে হাসপাতালে ভয়াবহ হামলা, ১৩ শিশুসহ নিহত ৬৪

- প্রকাশের সময় : ০১:৪৯:৫৪ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬
- / 174

সুদানের দারফুর অঞ্চলের একটি হাসপাতালে ভয়াবহ হামলায় অন্তত ৬৪ জন নিহত হয়েছেন, যার মধ্যে ১৩ শিশু রয়েছেন। আহত হয়েছেন আরও ৮৯ জন, যাদের মধ্যে স্বাস্থ্যকর্মীরাও আছেন। নিহতদের মধ্যে রোগী, দুই নারী নার্স ও এক পুরুষ চিকিৎসকও রয়েছেন।
হামলা আল-দাইনের একটি শিক্ষণ হাসপাতালে শুক্রবার রাতে সংঘটিত হয়। এতে হাসপাতালের শিশু, মাতৃত্ব ও জরুরি বিভাগ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং শহরের জরুরি চিকিৎসাসেবা বন্ধ হয়ে গেছে।
ডব্লিউএইচও জানায়, সুদানের চলমান সংঘাতে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে হামলায় দুই হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। ২০২৩ সালে শুরু হওয়া এই যুদ্ধে দেশটির সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যে সংঘর্ষ চলছে। এতে হাজার হাজার মানুষ নিহত, কোটি মানুষ বাস্তুচ্যুত এবং মানবিক সংকট তৈরি হয়েছে।
জাতিসংঘসহ আন্তর্জাতিক মহল হামলার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। ডব্লিউএইচও প্রধান তেদ্রোস আধানম গেব্রেয়াসুস বলেন, যুদ্ধের মধ্যে হাসপাতালের মতো স্থাপনায় হামলা মানবিক পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলছে এবং তিনি দ্রুত সংঘাত কমিয়ে বেসামরিক মানুষ ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।
সূত্র: আলজাজিরা
























