ঐক্যবদ্ধভাবে প্রিয় দেশকে এগিয়ে নিতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী
- প্রকাশের সময় : ০৬:৪১:১২ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬
- / 135
স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশের শান্তি, স্থিতিশীলতা, সমৃদ্ধি ও উন্নয়নের জন্য মহান সৃষ্টিকর্তার দরবারে প্রার্থনা করি। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমাদের প্রিয় দেশকে এগিয়ে নিতে চাই। এটাই হোক আমাদের আজকের দিনের প্রত্যাশা।
শনিবার (২১ মার্চ) সাড়ে ৯টায় পেকুয়া উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় সাধারণ মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। এরপর উপজেলা মাঠ পরিদর্শন করেন এবং মাঠ সংস্কারের জন্য নির্দেশনা দেন।
মন্ত্রী আরও বলেন, ফ্রড বা ডিজিটাল স্ক্যাম বর্তমানে শুধু দেশের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি বৈশ্বিক পর্যায়ে একটি গুরুতর সমস্যা। তাই এ ধরনের অপরাধ মোকাবিলায় এককভাবে কোনো দেশের পক্ষে কার্যকর ব্যবস্থা নেওয়া কঠিন। তিনি বাংলাদেশের প্রতিনিধিত্বে জাতিসংঘের তত্ত্বাবধানে “গ্লোবাল সামিট অন ফ্রড”-এ অংশগ্রহণ করেছেন।
রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, বর্তমান সরকারের জন্য এটি গুরুত্বপূর্ণ ও চলমান ইস্যু। আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা কামনা করি যাতে রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণভাবে তাদের দেশে প্রত্যাবাসন করা যায়।
সকাল ১০টার দিকে তিনি মোবারকিয়া মসজিদ প্রাঙ্গণে বাবা-মায়ের কবর জিয়ারত করেন। তার আগে সকাল ৮টা ৫০ মিনিটে নিজ বাসভবন থেকে ঈদের নামাজ আদায়ে কেন্দ্রীয় জামে মসজিদে পৌঁছান।





















