গাজীপুরে দুই মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট, ভাড়া তিনগুন

- প্রকাশের সময় : ১২:০৫:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
- / 236

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে টানা চার দিনের ছুটি ঘোষণার কারণে শিল্পাঞ্চল গাজীপুরের মহাসড়কে ঘরমুখী মানুষের ঢল নেমেছে। এতে ঢাকা–টাঙ্গাইল ও ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের প্রায় ৫০ কিলোমিটারজুড়ে নজিরবিহীন যানজট সৃষ্টি হয়েছে। এই সুযোগে পরিবহন সংশ্লিষ্টদের বিরুদ্ধে তিনগুণ পর্যন্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে।
মঙ্গলবার সকালে মহাসড়ক দুটি ঘুরে দেখা যায়, কোথাও কোথাও ঘণ্টার পর ঘণ্টা যানবাহন দাঁড়িয়ে আছে। ৫০০ টাকার ভাড়া ১২০০ থেকে ১৫০০ টাকা পর্যন্ত চাওয়া হচ্ছে। এতে ক্ষুব্ধ যাত্রীরা গাজীপুরের চান্দনা চৌরাস্তা ও মাওনা এলাকায় কিছু সময় সড়ক অবরোধ করেন। ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে টঙ্গী কলেজ গেট থেকে মাওনা চৌরাস্তা এবং ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের ভোগড়া এলাকা থেকে কালিয়াকৈর বাইপাস পর্যন্ত যানজট দেখা গেছে।
গত সোমবার বিকেল থেকে গাজীপুরের চার শতাধিক শিল্প–কারখানা ছুটি ঘোষণা করলে সন্ধ্যার পর থেকেই ঘরমুখী মানুষের চাপ বাড়ে। দেশের উত্তরাঞ্চলের ২৬ জেলার প্রবেশপথ চন্দ্রা বাস টার্মিনাল এলাকায় যাত্রীদের উপচে পড়া ভিড় সৃষ্টি হয়। যানজট নিরসনে চন্দ্রা বাস টার্মিনাল, চান্দনা চৌরাস্তা ও ভোগড়া বাইপাস এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন।
যাত্রী সজিব হোসেন জানান, ছুটি পেয়ে রাতে রওনা দিলেও যানজটের কারণে গাড়ি এগোয়নি এবং সকালে এসে আবার বাড়তি ভাড়া চাওয়া হয়েছে। পোশাক শ্রমিক আশা বেগম বলেন, ভোট দিতে বাড়ি যাচ্ছেন কিন্তু ন্যায্য ভাড়ায় গাড়িতে উঠতে পারছেন না।
শ্যামলী এন আর পরিবহনের চালক আব্বাস উদ্দিন বলেন, অতিরিক্ত যাত্রীর চাপ ও যানজটে অনেক গাড়ি আটকে থাকায় ভাড়া বেড়েছে।
নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাউগাতুল আলম জানান, নির্বাচন উপলক্ষে শিল্প–কারখানায় ছুটি হওয়ায় শ্রমিকদের বাড়িমুখী যাত্রায় যানজট সৃষ্টি হয়েছে। মহাসড়ক স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে এবং অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়েও ব্যবস্থা নেওয়া হবে।





















