জাপানে নির্বাচনে বিপুল ভোটে জয়ী তাকাইচির দল

- প্রকাশের সময় : ০১:০৪:৩০ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
- / 198

জাপানের প্রধানমন্ত্রী সানে তাকাইচির দল দেশটির সাধারণ নির্বাচনে ভূমিধস জয়লাভ করেছে। দেশটির সংসদের নিম্নকক্ষে ৪৬৫টি আসনের মধ্যে তাকাইচির লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ৩১৬টি আসন জিতেছে, যা সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ২৩৩টি আসনের চেয়ে অনেক বেশি।
জয়ের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তাকাইচি বলেন, “আমরা ধারাবাহিকভাবে দায়িত্বশীল এবং সক্রিয় আর্থিক নীতির গুরুত্বের ওপর জোর দিয়েছি। আমরা আর্থিক নীতির স্থায়িত্বকে অগ্রাধিকার দেব এবং প্রয়োজনীয় বিনিয়োগ নিশ্চিত করবো।”
তাকাইচি অত্যন্ত জনপ্রিয় এবং ক্ষমতাসীন এলডিপি গত সাত দশকের বেশিরভাগ সময় জাপানকে শাসন করেছে। তবে তহবিল ও ধর্মীয় কেলেঙ্কারির কারণে দলটি কিছুটা চাপে ছিল। দলের রাজনৈতিক ভাগ্য পরিবর্তনের আশায় প্রধানমন্ত্রী তাকাইচি এই আগাম নির্বাচনের ডাক দেন।
তাকাইচি করছাড় ও ভর্তুকির প্রতিশ্রুতি দিয়ে অনেক ভোটারের সমর্থন অর্জন করেছেন। সমালোচকরা বলছেন, এসব পদক্ষেপ বাস্তবায়িত হলে জাপানের ধীরগতির অর্থনীতিতে চাপ তৈরি হতে পারে।
টোকিওসহ বিভিন্ন শহরে রেকর্ড তুষারপাতের মধ্যেও ভোটারদের উৎসাহে ভাটা পড়েনি। তুষারের কারণে কিছু ভোটকেন্দ্র আগে বন্ধ করতে হলেও তাকাইচির ব্যক্তিগত জনপ্রিয়তার কারণে ভোটাররা কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় এই নেত্রী তরুণ প্রজন্মের কাছে ব্যাপক গ্রহণযোগ্যতা পেয়েছেন।























