ঢাকায় ৩৭ ঝুঁকিপূর্ণ কেন্দ্র, মোতায়েন থাকবে ২৫ হাজার পুলিশ সদস্য
- প্রকাশের সময় : ১২:৫৩:৪৩ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
- / 141
ঢাকা মহানগরীতে ভোটকেন্দ্রগুলোর মধ্যে ৩৭টি ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি বলেন, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে থাকবে বডি ক্যামেরা।
সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত ‘নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ডিএমপি কর্তৃক গৃহীত নিরাপত্তা পরিকল্পনা সংক্রান্ত’ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ডিএমপিতে গুরুত্বপূর্ণ কেন্দ্রের সংখ্যা ১৬১৪টি। এই কেন্দ্রগুলোতে চারজন করে পুলিশ সদস্য থাকবে। ৫১৭টি সাধারণ ভোটকেন্দ্রে তিনজন করে পুলিশ মোতায়েন থাকবে। ঝুঁকিপূর্ণ ৩৭টি কেন্দ্রে সাতজন করে পুলিশ মোতায়েন থাকবে। এছাড়া সেখানে থাকবে বডি ক্যামেরা।
ডিএমপির ২৫ হাজার সদস্যকে নির্বাচনের জন্য প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এছাড়া যেকোনো পরিস্থিতি মোকাবিলায় মোতায়েন থাকবে ডিএমপির স্পেশাল রিজার্ভ ফোর্স, বোম্ব ডিজপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড।
ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) সরওয়ার এবং অতিরিক্ত পুলিশ কমিশনার এস এম নজরুল ইসলাম।

























