উৎসবের মঞ্চে নেই বাংলাদেশ, বিতর্ক নিয়েই শুরু বিশ্বকাপ
- প্রকাশের সময় : ১১:৫৫:২৬ পূর্বাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
- / 177
ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে শুরু হওয়া টি–টোয়েন্টি বিশ্বকাপে শেষ পর্যন্ত জায়গা হয়নি বাংলাদেশের। ক্রিকেটীয় পারফরম্যান্সে পিছিয়ে না থাকলেও মাঠের বাইরের রাজনৈতিক ও কূটনৈতিক টানাপোড়েনের প্রভাবেই এই সিদ্ধান্ত এসেছে বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশের পরিবর্তে টুর্নামেন্টে অংশ নিচ্ছে স্কটল্যান্ড।
বিতর্কের সূত্রপাত ঘটে আইপিএলে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার ঘটনায়। কলকাতা নাইট রাইডার্স তাকে দলে নিলেও ভারতীয় সংগঠনগুলোর বিক্ষোভের মুখে বিসিসিআইয়ের নির্দেশে তাকে বাদ দেওয়া হয়। এরপর ভারতে অবস্থানকালে বাংলাদেশ দল, কোচিং স্টাফ ও সমর্থকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়। সেই প্রেক্ষাপটে বাংলাদেশ ভারতে ম্যাচ খেলতে যেতে অনীহা জানায় এবং আইসিসির সঙ্গে আলোচনায় বসে। তবে কোনো সমাধান না হওয়ায় আইসিসি শেষ পর্যন্ত বাংলাদেশকে টুর্নামেন্টের বাইরে রাখার সিদ্ধান্ত নেয়। বিসিবি এতে অসন্তোষ জানালেও সিদ্ধান্ত পরিবর্তন হয়নি।
ঘটনাটি আন্তর্জাতিক ক্রিকেটে আলোচনার জন্ম দিয়েছে। ইংলিশ ধারাভাষ্যকার নাসের হুসেইন বাংলাদেশের অবস্থানকে সমর্থন জানিয়ে বলেছেন, নিজেদের খেলোয়াড়ের পাশে দাঁড়ানো ইতিবাচক পদক্ষেপ। অন্যদিকে পাকিস্তান বাংলাদেশকে সংহতি জানিয়ে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নেওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। এতে আর্থিক ক্ষতির আশঙ্কায় আইসিসি পাকিস্তানকে খেলতে রাজি করানোর চেষ্টা চালাচ্ছে বলে জানা গেছে।
সব মিলিয়ে রাজনৈতিক দ্বন্দ্বের প্রভাবেই এবারের বিশ্বকাপের পরিবেশে ছায়া ফেলেছে বিতর্ক। নিয়মিত সদস্য দল বাংলাদেশ না থাকায় টুর্নামেন্টের গুরুত্ব ও আকর্ষণ নিয়ে প্রশ্ন উঠেছে, আর সবচেয়ে বড় ভুক্তভোগী হয়েছেন বাংলাদেশের সমর্থকেরা।





















