ওয়াশিংটন পোস্টে ব্যাপক ছাঁটাই, চাকরি হারিয়েছেন ৩০০ সাংবাদিক

- প্রকাশের সময় : ১১:১৭:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
- / 195

মার্কিন প্রভাবশালী সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টে বড় ধরনের জনবল ছাঁটাই হয়েছে। প্রতিষ্ঠানটির প্রায় ৮০০ সাংবাদিকের মধ্যে এক-তৃতীয়াংশ, অর্থাৎ ৩০০ জনেরও বেশি কর্মীকে ছাঁটাই করেছে মালিকপক্ষ। ২০১৩ সালে আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস মালিকানা নেওয়ার পর এটিই সবচেয়ে বড় ছাঁটাই।
স্থানীয় সময় বুধবার অনেক কর্মীকে বাড়িতে থাকার নোটিশ পাঠানো হয়। অভ্যন্তরীণ সূত্র জানায়, আন্তর্জাতিক ও স্পোর্টস ডেস্কসহ বিভিন্ন বিভাগে কর্মরত বহু সাংবাদিক এই ছাঁটাইয়ের শিকার হয়েছেন। মধ্যপ্রাচ্য, ইউরোপ, এশিয়া ও লাতিন আমেরিকা অঞ্চলের বেশ কয়েকজন শীর্ষ সাংবাদিক ও সম্পাদকও চাকরি হারিয়েছেন।
দীর্ঘ ১২ বছর কাজের পর ভারতের কংগ্রেস সংসদ সদস্য শশী থারুরের ছেলে ঈশান থারুর ছাঁটাইয়ের বিষয়টি সামাজিক মাধ্যমে নিশ্চিত করেন। দিল্লি ব্যুরোর প্রধান প্রাণশু বর্মাকেও ছাঁটাই করা হয়েছে।
নির্বাহী সম্পাদক ম্যাট মারে এ সিদ্ধান্তকে ‘খুব কঠিন’ উল্লেখ করে বলেন, প্রযুক্তিগত পরিবর্তন ও পাঠকের আগ্রহের সঙ্গে তাল মেলাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আর্থিক লোকসান কমানোর লক্ষ্যেই ছাঁটাই করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এই গণছাঁটাইয়ের ঘটনায় মালিক জেফ বেজোসের সমালোচনা করেছে ওয়াশিংটন পোস্ট গিল্ড। একবারে এতসংখ্যক সাংবাদিক ছাঁটাইয়ের ঘটনা মার্কিন সংবাদমাধ্যমে বিরল বলেও উল্লেখ করা হয়েছে।























