ফিলিপাইনে ৩৪২ জন যাত্রীসহ ফেরি ডুবি, নিহত ১৫

- প্রকাশের সময় : ০৯:১০:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
- / 250

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ বাসিলানে ৩৩২ জন যাত্রী ও ২৭ জন ক্রুসহ একটি ফেরি ডুবে গেছে।
সোমবার স্থানীয় সময় ভোরে দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং কমপক্ষে ৪৩ জন নিখোঁজ রয়েছেন।
ফিলিপাইন কোস্টগার্ড ও স্থানীয় প্রশাসন জানিয়েছে, দুর্ঘটনার পর এ পর্যন্ত ১৩৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ১৮ জন হাসপাতালে চিকিৎসাধীন। উদ্ধারকাজে কোস্টগার্ডের পাশাপাশি দুর্যোগ মোকাবিলা দপ্তরের সদস্যরা কাজ করছেন।
‘ত্রিশা কেরস্টিন ৩’ নামের ফেরিটি বাসিলানের জাম্বোয়াঙ্গা শহর থেকে মিন্দানাও প্রদেশের জোলো দ্বীপের উদ্দেশে যাত্রা করেছিল। যাত্রা শুরুর কিছুক্ষণের মধ্যেই সেটি ডুবে যায়। দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি।
উদ্ধার তৎপরতা জোরদার করতে মিন্দানাও প্রাদেশিক প্রশাসনের সঙ্গে সমন্বয় করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, নিখোঁজদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।























