ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিধসে ৮২ নিখোঁজ, নিহত ৭

- প্রকাশের সময় : ১২:৫৪:১৪ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
- / 177

ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশে ভয়াবহ ভূমিধসে অন্তত সাতজন নিহত হয়েছেন এবং ৮২ জন নিখোঁজ রয়েছেন।
দেশটির দুর্যোগ প্রশমন সংস্থার মুখপাত্র আবদুল মুহারি শনিবার (২৩ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন।
ভূমিধসের ঘটনা ঘটেছে পশ্চিম জাভার পশ্চিম বান্দুং জেলার পাসিরলাঙ্গু গ্রামে। স্থানীয় সংবাদমাধ্যম কম্পাস জানিয়েছে, মাউন্ট বুরাংরাংয়ের ঢাল থেকে নেমে আসা প্রবল পানির স্রোত ও আলগা মাটি প্রায় ৩০টি বাড়ির ওপর আছড়ে পড়ে। ঘটনার সময় অধিকাংশ বাসিন্দা ঘুমিয়ে ছিলেন।
দুর্যোগ প্রশমন সংস্থার মুখপাত্র জানান, নিখোঁজের সংখ্যা অনেক বেশি হওয়ায় অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম সর্বোচ্চভাবে চালানো হচ্ছে। ভারী বৃষ্টির কারণে উদ্ধার কার্যক্রমে চ্যালেঞ্জ তৈরি হলেও রেসকিউ টিম তৎপর রয়েছে।
স্থানীয় কর্তৃপক্ষ আরও জানিয়েছেন, ভবিষ্যতে আরও দুর্ঘটনার আশঙ্কায় ভূমিধসপ্রবণ এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। কম্পাসের তথ্যমতে, ক্ষতিগ্রস্ত এলাকা প্রায় ৩০ হেক্টর (৭৪ একর) জুড়ে বিস্তৃত।
ইন্দোনেশিয়ার আবহাওয়া সংস্থা পশ্চিম জাভা প্রদেশে এক সপ্তাহের জন্য ভারী বৃষ্টি ও চরম আবহাওয়ার সতর্কতা জারি করেছে। নদীর পানি উপচে পড়ায় পশ্চিম জাভার বিভিন্ন এলাকায় বন্যা দেখা দিয়েছে এবং শত শত মানুষ নিরাপদ আশ্রয়ে সরে গেছে।
উল্লেখ্য, গত মাসে ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রা, পশ্চিম সুমাত্রা ও আচেহ প্রদেশে ভূমিধস ও বন্যায় এক হাজার ১৭০ জনের বেশি মানুষ নিহত হয়েছিল।























