বিএনপির প্রথম নির্বাচনী সমাবেশ, সিলেট মাদরাসা মাঠ কানায় কানায় পূর্ণ

- প্রকাশের সময় : ১২:৪৮:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
- / 191

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছে বিএনপি। প্রথম নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সিলেট ও সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন জেলা থেকে সকাল থেকেই হাজার হাজার নেতা-কর্মী আলিয়া মাদরাসা মাঠে জড়ো হতে থাকেন। সমাবেশ শুরুর নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা আগেই মাঠের পাশাপাশি আশপাশের সড়কগুলোতেও বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতি লক্ষ্য করা গেছে।
নগরের বিভিন্ন এলাকা থেকে আগত মিছিলগুলো সড়ক প্রদক্ষিণ করে আলিয়া মাদরাসা মাঠে প্রবেশ করেছে। অংশগ্রহণকারীদের হাতে ধানের শীষসংবলিত প্ল্যাকার্ড এবং দলীয় প্রতীকের টি-শার্ট দেখা গেছে।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, এই নির্বাচনী সমাবেশে তিন লাখ বা তার বেশি মানুষের সমাগমের প্রত্যাশা করা হচ্ছে। প্রায় দুই দশক পর সিলেটে তারেক রহমানের আগমনকে ঘিরে দলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

























