সৌদি বাদশাহ সালমান হাসপাতালে ভর্তি

- প্রকাশের সময় : ১১:০১:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
- / 198

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদকে রাজধানী রিয়াদের কিং ফয়সাল স্পেশালিস্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে এর বাইরে আর কোনো তথ্য জানানো হয়নি।
শুক্রবার (১৬ জানুয়ারি) রয়্যাল কোর্টের বরাতে এ খবর জানিয়েছে সৌদি প্রেস অ্যাজেন্সি (এসপিএ)। সংস্থাটির তথ্যমতে, ৯০ বছর বয়সী বাদশাহ সালমান সর্বশেষ গত মঙ্গলবার মন্ত্রিসভার একটি বৈঠকে সভাপতিত্ব করেন।
এর আগে ২০২৪ সালে ফুসফুসে প্রদাহজনিত সমস্যার কারণে তিনি চিকিৎসা গ্রহণ করেছিলেন। তবে এবারের স্বাস্থ্য পরীক্ষার নির্দিষ্ট কারণ সম্পর্কে রয়্যাল কোর্টের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।
বাদশাহ সালমান সৌদি আরবের সপ্তম শাসক। ২০১৫ সালে বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজের ইন্তেকালের পর তিনি সিংহাসনে আরোহণ করেন। এর আগে কয়েক দশক ধরে একাধিক সৌদি বাদশাহর ঘনিষ্ঠ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
১৯৩৫ সালে রিয়াদে জন্মগ্রহণ করা বাদশাহ সালমান তার প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন রিয়াদের প্রিন্সেস স্কুলে। ছেলেদের শিক্ষার জন্য এই স্কুলটি প্রতিষ্ঠা করেছিলেন বাদশাহ আবদুল আজিজ। সেখানে তিনি ধর্মীয় ও আধুনিক শিক্ষার পাশাপাশি পবিত্র কোরআন সম্পূর্ণ মুখস্থ করেন।
১৯৫৪ সালে তিনি রিয়াদের ভারপ্রাপ্ত গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। পরে ১৯৬৩ সালে রিয়াদ অঞ্চলের গভর্নর নিযুক্ত হন এবং দীর্ঘ কয়েক দশক ধরে এই পদে দায়িত্ব পালন করেন।
সূত্র: গালফ নিউজ























