সব ষড়যন্ত্র মোকাবিলা করে জনগণের আস্থা অর্জন করতে হবে: যুবদল সভাপতি
- প্রকাশের সময় : ০২:২০:০৭ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
- / 161
কেন্দ্রীয় যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না বলেছেন, সব ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করে জনগণের দোরগোড়ায় গিয়ে ভালোবাসা ও আস্থা অর্জন করতে হবে। নির্বাচনকে সামনে রেখে এখনো ষড়যন্ত্র শেষ হয়নি। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে কুচক্রী মহল নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এসব ষড়যন্ত্র মোকাবিলায় যুবদল প্রস্তুত।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে শহরের টিএমএসএস মহিলা মার্কেট অডিটোরিয়ামে যুবদলের সাংগঠনিক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
যুবদল সভাপতি বলেন, প্রবাসীদের পোস্টাল ব্যালটে ধানের শীষ প্রতীক ভাঁজের মাঝখানে দিয়ে যে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে, সেটিও একটি সূক্ষ্ম ষড়যন্ত্রের অংশ হতে পারে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বগুড়ায় আসার জন্য উন্মুখ হয়ে আছেন। তিনি খুব শিগগিরই বগুড়াসহ উত্তরাঞ্চল সফরে আসবেন। জনপ্রিয়তার দিক থেকে বর্তমানে তারেক রহমান শীর্ষে অবস্থান করছেন। এ কারণেই কোনো কোনো মহল তাঁর জনপ্রিয়তাকে হিংসার চোখে দেখছে।
তিনি বলেন, দেশে ফেরার পর ঢাকার বাইরে তারেক রহমানের প্রথম সফর বগুড়া ও উত্তরাঞ্চলে হওয়ার কথা ছিল। কোনো কারণে সফরটি স্থগিত হলেও বগুড়ায় আসার ব্যাপারে তাঁর প্রবল আগ্রহ রয়েছে। জনগণের আস্থা বিএনপির ওপর রয়েছে এবং রেকর্ড ভোটে বিএনপি জয়ী হবে বলেও তিনি মন্তব্য করেন।
মুন্না বলেন, যুবদল সারা দেশে একটি বৃহৎ সংগঠন। এই বৃহৎ জনবলের প্রধান কাজ হবে সাধারণ মানুষের দোরগোড়ায় গিয়ে ভালোবাসা ও আস্থা অর্জন করা।
বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু হাসানের সঞ্চালনায় সভায় সাংগঠনিক পরিস্থিতি ও আসন্ন নির্বাচনী কর্মসূচি নিয়ে আলোচনা হয়। সভায় আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি আতাউর রহমান শম্ভু, সহসভাপতি ফারুকে আজম প্রমুখ।
























