পশ্চিম তীরে নতুন ১৯টি বসতি স্থাপনের অনুমোদন দিলো ইসরায়েল

- প্রকাশের সময় : ১২:৩২:১৭ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
- / 208

ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান যুদ্ধবিরতির মধ্যেই অধিকৃত পশ্চিম তীরে নতুন করে ১৯টি ইহুদি বসতি স্থাপনের অনুমোদন দিয়েছে ইসরায়েল। দেশটির কট্টর ডানপন্থি রাজনীতিবিদ ও অর্থমন্ত্রী বেজালেল স্মোতরিচ এ তথ্য নিশ্চিত করেছেন।
বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে স্মোতরিচ জানান, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজের কাছে তিনি এ সংক্রান্ত একটি প্রস্তাব দেন এবং সোমবার সেটি অনুমোদন পায়। তার ভাষায়, প্রস্তাবিত স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠাকে বাধা দেওয়ার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েলি সরকার।
উল্লেখ্য, বেজালেল স্মোতরিচ নিজেও পশ্চিম তীরের একজন দখলদার বসতিস্থাপনকারী। আন্তর্জাতিক আইন উপেক্ষা করে দীর্ঘদিন ধরে পশ্চিম তীরে বসতি সম্প্রসারণ করে আসছে ইসরায়েল।
এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব। পাশাপাশি জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এক বিবৃতিতে বলেছেন, পশ্চিম তীরে ইসরায়েলের দখলদারিত্বমূলক কার্যক্রমের ধারাবাহিক সম্প্রসারণ মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়াচ্ছে এবং প্রস্তাবিত ফিলিস্তিন রাষ্ট্র গঠনের সম্ভাবনাকে গুরুতর হুমকির মুখে ফেলছে।
বর্তমান প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বে ইসরায়েলে সরকার গঠনের পর গত প্রায় তিন বছরে পশ্চিম তীরে বসতি স্থাপনের হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০২২ সালের শেষ দিকে সরকার গঠনের পর থেকে এই এলাকায় ইহুদি বসতির সংখ্যা দ্রুত বৃদ্ধি পেয়েছে। নতুন ১৯টি বসতি বাস্তবায়িত হলে পশ্চিম তীরে ইসরায়েলি বসতি সম্প্রসারণ আরও ত্বরান্বিত হবে।
ইসরায়েলি মানবাধিকার ও বসতিবিরোধী সংস্থা পিস নাও-এর তথ্য অনুযায়ী, বর্তমানে পশ্চিম তীরে অবৈধ ইসরায়েলি বসতির সংখ্যা প্রায় ১৬০টি এবং এসব বসতিতে প্রায় সাত লাখ ইসরায়েলি বসবাস করছেন।
সূত্র: বিবিসি
























