১৫ বছর পর বিশ্বের বৃহত্তম পরমাণু বিদ্যুৎ কেন্দ্র ফের চালু করছে জাপান

- প্রকাশের সময় : ১২:০০:১৪ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
- / 235

‘ফুকোশিমা ট্র্যাজেডি’র পর দীর্ঘ ১৫ বছর বন্ধ থাকার পর বিশ্বের বৃহত্তম পরমাণু বিদ্যুৎ কেন্দ্র পুনরায় চালুর প্রস্তুতি নিচ্ছে জাপান। দেশটির রাষ্ট্রীয় বিদ্যুৎ পরিষেবা সংস্থা টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি (টেপকো) সূত্রে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
জাপানের নিগাতা প্রদেশে অবস্থিত কাশিওয়াজাকি-কারিওয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্রটি বিশ্বের বৃহত্তম হিসেবে পরিচিত। রাজধানী টোকিও থেকে প্রায় ২২০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত এই কেন্দ্রের আয়তন প্রায় ৪২০ হেক্টর। এখানে মোট সাতটি পরমাণু চুল্লি রয়েছে, যেগুলোর সম্মিলিত বিদ্যুৎ উৎপাদনক্ষমতা প্রায় ৮ দশমিক ২ গিগাওয়াট। কেন্দ্রটির পরিচালনা ও তত্ত্বাবধানে রয়েছে টেপকো।
২০১১ সালে জাপানে সংঘটিত ভয়াবহ ভূমিকম্প ও সুনামির ফলে ফুকোশিমা দাইচি পরমাণু বিদ্যুৎ কেন্দ্রসহ দেশের বিভিন্ন স্থাপনার মোট ৫৪টি চুল্লি ক্ষতিগ্রস্ত হয়। ওই বিপর্যয়ের পর ‘ফুকোশিমা ট্র্যাজেডি’ নামে পরিচিত দুর্ঘটনায় তেজস্ক্রিয় বর্জ্য ছড়িয়ে পড়ে, যা চেরনোবিলের পর ইতিহাসের দ্বিতীয় বৃহত্তম পরমাণু দুর্ঘটনা হিসেবে বিবেচিত।
পরবর্তী সময়ে বিশেষজ্ঞদের পর্যালোচনায় জানা যায়, ক্ষতিগ্রস্ত ৫৪টি চুল্লির মধ্যে ৩৩টিকে মেরামত করে পুনরায় চালু করা সম্ভব। এই তালিকায় কাশিওয়াজাকি-কারিওয়া বিদ্যুৎ কেন্দ্রের চুল্লিগুলোকেও অন্তর্ভুক্ত করা হয়। টেপকো জানিয়েছে, এরই মধ্যে ১৪টি চুল্লিতে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে এবং কাশিওয়াজাকি-কারিওয়া কেন্দ্রটি চালু হলে সচল চুল্লির সংখ্যা বেড়ে ২১টিতে দাঁড়াবে।
জাপান নীতিগতভাবে জীবাশ্ম জ্বালানিনির্ভর বিদ্যুৎ উৎপাদনের বিপক্ষে এবং একসময় দেশটির মোট বিদ্যুৎ চাহিদার বড় অংশই পরমাণু শক্তি থেকে পূরণ হতো। তবে ফুকোশিমা দুর্ঘটনার পর অধিকাংশ পরমাণু বিদ্যুৎ কেন্দ্র বন্ধ থাকায় দেশটিকে গ্যাস ও কয়লার মতো জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভর করতে হয়, ফলে বিদ্যুতের দামও উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। ২০২৪ সালে জাপান গ্যাস ও কয়লা আমদানিতে ব্যয় করেছে প্রায় ৬৮০ বিলিয়ন ডলার।
দু’মাস আগে জাপানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর সানায়ে তাকাইচি বন্ধ থাকা পরমাণু চুল্লিগুলো পুনরায় চালুর উদ্যোগ নেন। তার সরকারের এই নীতির অংশ হিসেবেই কাশিওয়াজাকি-কারিওয়া বিদ্যুৎ কেন্দ্রটি ফের চালু করার প্রক্রিয়া এগোচ্ছে।
তবে কেন্দ্রটি পুনরায় চালুর বিষয়ে স্থানীয় পর্যায়ে আপত্তিও রয়েছে। ফুকোশিমা দুর্ঘটনার স্মৃতি এখনো অনেক জাপানির মনে তাজা। নিগাতা অঞ্চলের বাসিন্দাদের একটি বড় অংশ মনে করেন, এখনই এই কেন্দ্র চালু করা নিরাপদ নয়। সাম্প্রতিক এক সরকারি জরিপে দেখা গেছে, অংশগ্রহণকারীদের প্রায় ৬০ শতাংশ কাশিওয়াজাকি-কারিওয়া বিদ্যুৎ কেন্দ্র পুনরায় চালুর বিপক্ষে মত দিয়েছেন।
এ বিষয়ে টেপকোর মুখপাত্র মাসাকাৎসু তাকাতা রয়টার্সকে বলেন, ফুকোশিমার মতো দুর্ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে প্রতিষ্ঠানটি সর্বোচ্চ সতর্কতা ও নিরাপত্তা নিশ্চিত করতে দৃঢ়প্রতিজ্ঞ। নিগাতার বাসিন্দাদের আশ্বস্ত করে তিনি বলেন, এমন দুর্ঘটনা আর কখনো ঘটবে না।
























