মাদুরোর ৩ ভাতিজা ও ৬ শিপিং কোম্পানির ওপর মার্কিন নিষেধাজ্ঞা

- প্রকাশের সময় : ০২:৪৮:১১ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
- / 225
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর তিন ভাতিজা এবং আরও কয়েকজনের ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করেছে। এছাড়াও, তেল সমৃদ্ধ লাতিন আমেরিকার এই দেশের তেলের ওপর নিষেধাজ্ঞা আরও জোরদার করা হয়েছে।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের তথ্য অনুযায়ী, নিষেধাজ্ঞার আওতাভুক্ত তিন ভাতিজার মধ্যে দু’জন ইতোমধ্যেই মাদক পাচারের মামলায় যুক্তরাষ্ট্রে দোষী সাব্যস্ত হয়েছিলেন এবং পরে বন্দি বিনিময়ের মাধ্যমে মুক্তি পেয়েছিলেন।
এছাড়াও, ভেনেজুয়েলার তেল খাতকে লক্ষ্য করে পানামার এক ব্যবসায়ী ও ছয়টি শিপিং কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। মার্কিন ট্রেজারি বোর্ড জানিয়েছে, এই ছয়টি জাহাজ প্রতারণা, অনিরাপদ ও অবৈধ নাবিক চালনা কার্যক্রমে যুক্ত ছিল এবং মাদুরো সরকারের জন্য আর্থিক সহায়তা প্রদান করছিল।
এর আগে, ভেনেজুয়েলা উপকূল থেকে একটি তেলবাহী ট্যাঙ্কার যুক্তরাষ্ট্র জব্দ করেছিল। যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি বলেছেন, ট্যাঙ্কারটি বহু বছর ধরে নিষেধাজ্ঞার আওতায় ছিল এবং এটি ভেনেজুয়েলা ও ইরানসহ বিদেশি সন্ত্রাসী সংগঠনের সহায়তাকারী অবৈধ তেল পরিবহন নেটওয়ার্কে যুক্ত ছিল।
মাদুরো এ ঘটনার প্রতিক্রিয়ায় বলেন, ট্যাঙ্কার জব্দের ঘটনা ক্যারিবীয় অঞ্চলে সমুদ্র-দস্যুতার নতুন যুগের সূচনা করেছে। ভেনেজুয়েলা সরকার আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থায় (IMO) আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করে মার্কিন জব্দ অভিযানকে নিন্দা জানিয়েছে।
























