থাইল্যান্ড–কম্বোডিয়া সীমান্তে সংঘাত, দু’দিনে নিহত ৭

- প্রকাশের সময় : ১১:৩১:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
- / 87

দক্ষিণপূর্ব এশিয়ার প্রতিবেশী দুই দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে চার মাসের শান্তি পরিস্থিতির পর আবারও সীমান্তে সংঘাত দেখা দিয়েছে। গত রোববার শুরু হওয়া এ সংঘাতে এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ৭ জন। এর মধ্যে ৬ জন কম্বোডিয়ার নাগরিক এবং একজন থাই সেনা।
কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার রাতে থাই বাহিনীর গোলায় আরও দুই বেসামরিক নিহত হওয়ার পর মোট মৃত্যু বেড়ে ছয়জনে পৌঁছেছে। অন্যদিকে থাইল্যান্ড জানায়, তাদের এক সেনা গুলিতে নিহত হয়েছে।
কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত বেসামরিকদের ওপর হামলার নিন্দা জানিয়ে বলেন, থাইল্যান্ড ‘সার্বভৌমত্ব পুনরুদ্ধারের নাটক’ সাজিয়ে সাধারণ মানুষের ওপর হামলা চালাচ্ছে।
থাই নৌবাহিনী দাবি করেছে, উপকূলবর্তী ত্রাত প্রদেশের জলসীমায় কম্বোডিয়ার সেনা উপস্থিতি টের পেয়ে তাদের ধাওয়া দিলে কম্বোডীয় বাহিনী পিছু হটে। থাই পক্ষ আরও অভিযোগ করেছে, কম্বোডিয়া স্থল ও জল সীমান্তে ভারী অস্ত্র, স্নাইপার এবং পরিখা খননের মাধ্যমে অবস্থান শক্তিশালী করছে, যা থাইল্যান্ডের সার্বভৌমত্বের জন্য হুমকি।
১১৮ বছর পুরোনো পান্না ত্রিভূজ ভূখণ্ড নিয়ে দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। গত বছর উত্তেজনা বাড়ার পর জুলাইয়ে পাঁচ দিনের সংঘাতে ৪৮ জন নিহত হয় এবং তিন লাখ মানুষ বাস্তুচ্যুত হয়। যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়ার মধ্যস্থতায় যুদ্ধবিরতির পর পরিস্থিতি কিছুটা শান্ত থাকলেও রোববার সি সা কেত প্রদেশে নতুন করে গোলাগুলি শুরু হয়।
থাইল্যান্ড জাতিসংঘে অভিযোগ করেছে যে কম্বোডিয়া তাদের ভূখণ্ডে ল্যান্ডমাইন পুঁতে রেখেছে, যার বিস্ফোরণে থাই ও চীনা নাগরিক আহত হয়েছেন। এই অভিযোগ জানানোর কয়েক ঘণ্টার মধ্যেই কম্বোডীয় বাহিনীর গুলিতে দু’জন থাই সেনা আহত হয়, এরপর থাইল্যান্ড বিমান অভিযান চালায় এবং সংঘাত তীব্র আকার ধারণ করে।
সূত্র: রয়টার্স
























