ইমরান খান সম্পূর্ণ সুস্থ আছেন : কারা কর্তৃপক্ষ

- প্রকাশের সময় : ১০:৫৭:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
- / 83

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান আদিয়ালা কারাগারেই রয়েছেন এবং তিনি সম্পূর্ণ সুস্থ—এ বিষয়টি নিশ্চিত করেছে রাওয়ালপিন্ডি আদিয়ালা কারাগারের কর্তৃপক্ষ। বুধবার সন্ধ্যায় সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়িয়ে পড়ে যে ইমরান খানকে গোপনে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। এ নিয়ে ব্যাপক আলোচনার পর কারা কর্তৃপক্ষ আনুষ্ঠানিক বিবৃতি দেয়।
বিবৃতিতে বলা হয়, ইমরান খানকে আদিয়ালা থেকে সরানোর খবর সম্পূর্ণ ভিত্তিহীন। তাকে কোথাও স্থানান্তর করা হয়নি এবং তিনি নিয়মিত চিকিৎসা সেবা পাচ্ছেন। কারা কর্তৃপক্ষের দাবি, সাবেক প্রধানমন্ত্রীর অসুস্থতা সংক্রান্ত তথ্যও সত্য নয় এবং তার শারীরিক অবস্থা স্বাভাবিক রয়েছে।
২০২২ সালে অনাস্থা ভোটে ক্ষমতা হারানোর পর ইমরান খানের বিরুদ্ধে দুর্নীতিসহ একাধিক মামলা দায়ের করা হয়। সেনাবাহিনীর সদরদপ্তরে হামলা ও রাষ্ট্রীয় গোপন নথি ফাঁসের অভিযোগও আনা হয় তার বিরুদ্ধে। ২০২৩ সালে তাকে গ্রেপ্তার করা হয়। একবার জামিনে মুক্তি পেলেও পরবর্তীতে আবার গ্রেপ্তার হন তিনি। ২০২৩ সালের আগস্ট থেকে তিনি জেলেই আছেন।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, ইমরান খান কারাগারে সর্বোচ্চ সুবিধা পাচ্ছেন। তার দাবি অনুযায়ী খাবারের মেন্যু এমনকি পাঁচ তারকা হোটেলেও পাওয়া যায় না। কারাগারে তার কাছে টেলিভিশন রয়েছে এবং তিনি নিজের পছন্দ অনুযায়ী চ্যানেল দেখতে পারেন। ব্যায়ামের জন্য সরঞ্জাম ও ডাবল বেডের ব্যবস্থাও করা হয়েছে বলে জানান তিনি।
কারা কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, নিরাপত্তা ও স্বাস্থ্য–সংক্রান্ত সব ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে এবং গুজব ছড়ানোর বিরুদ্ধে সতর্ক করা হয়েছে।
সূত্র: জিও টিভি

























