রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করল আম্বানির কোম্পানি

- প্রকাশের সময় : ০২:০৩:১০ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
- / 84

ভারতের ধনকুবের মুকেশ আম্বানির প্রতিষ্ঠান রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড ঘোষণা করেছে, গুজরাটের জামনগরে অবস্থিত তাদের একমাত্র রপ্তানিকারী শোধনাগারে রাশিয়ান অপরিশোধিত তেল ব্যবহার বন্ধ করা হয়েছে। এটি মূলত ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধের প্রেক্ষিতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নিষেধাজ্ঞার কারণে নেওয়া সিদ্ধান্ত।
রিলায়েন্স জানিয়েছে, ২০ নভেম্বর থেকে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে থাকা শোধনাগারে রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করা হয়েছে। ১ ডিসেম্বর থেকে, এসইজেড রিফাইনারি থেকে যে পণ্য রপ্তানি হবে তা রাশিয়া থেকে আনা তেল ব্যবহার না করেই প্রস্তুত করা হবে। ২১ জানুয়ারি, ২০২৬ থেকে কার্যকর হতে যাওয়া পণ্য আমদানির বিধিনিষেধের জন্যই এই পদক্ষেপ আগে নেওয়া হয়েছে।
জামনগরে রিলায়েন্সের দুটি রিফাইনারি রয়েছে। ডমেস্টিক ট্যারিফ এরিয়া ইউনিট মূলত ভারতীয় বাজারে সেবা দেয়, আর এসইজেড ইউনিট রিলায়েন্স পেট্রোলিয়াম লিমিটেডের অধীনে নির্মিত, যা রপ্তানির জন্য ব্যবহৃত হয়।
রাশিয়ার বৃহত্তম তেল উৎপাদনকারী সংস্থা রোসনেফ্ট এবং লুকঅয়েল ভারতকে মূলত অপরিশোধিত তেল সরবরাহ করে। রোসনেফ্টের সঙ্গে রিলায়েন্সের প্রতিদিন ০.৫ মিলিয়ন ব্যারেল তেলের চুক্তি রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ২২ অক্টোবর উভয় সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। মার্কিন ট্রেজারি সচিব স্কট বেসেন্ট বলেন, ইউক্রেনে চলমান যুদ্ধের জন্য এই দুই রুশ তেল সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
























