তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাজ্য: বন্ধ শত শত স্কুল, ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়

- প্রকাশের সময় : ১২:৫৭:১১ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
- / 74

যুক্তরাজ্যজুড়ে তীব্র শীত ও ভারী তুষারঝড়ে ব্যাপক বিপর্যয় দেখা দিয়েছে। দেশব্যাপী শত শত স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে এবং ভয়াবহ বিদ্যুৎ বিভ্রাটের কারণে বহু এলাকা গুরুত্বপূর্ণ পরিষেবা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) বার্তাসংস্থা আনাদোলু এই তথ্য জানিয়েছে।
বিবিসির তথ্য অনুযায়ী, উত্তর-পূর্ব স্কটল্যান্ডে একশোরও বেশি স্কুল বন্ধ রাখা হয়েছে। ইংল্যান্ড ও ওয়েলসেও আরও বেশ কিছু স্কুল বন্ধ রয়েছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, বরফাচ্ছন্ন রাস্তা ও ভারী তুষারপাতের কারণে যাতায়াত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। অনেক স্কুল বিদ্যুৎ সমস্যার কারণে গরমের ব্যবস্থা চালু রাখতে না পারায় খোলা সম্ভব হয়নি।
ওয়েলসের পশ্চিমাঞ্চলে রাতের তুষার জমে যাওয়ার পর শত শত বাড়ি বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। উত্তর ইংল্যান্ডের কিছু অঞ্চলে আরও কঠোর সতর্কতা জারি করা হয়েছে। যুক্তরাজ্যের স্বাস্থ্য নিরাপত্তা সংস্থা ঝুঁকিপূর্ণ মানুষদের জন্য স্বাস্থ্যঝুঁকি বেড়ে যাওয়ার সতর্কতা দিয়েছে।
অক্সফোর্ডশায়ারের বেনসনে তাপমাত্রা নেমে গেছে মাইনাস ৬.৬ ডিগ্রি সেলসিয়াসে, যা চলতি মৌসুমের সবচেয়ে শীতল রাত হিসেবে ধরা হয়েছে।
























