নির্বাচনের আগে ঢাকায় আসছেন কমনওয়েলথ মহাসচিব

- প্রকাশের সময় : ১১:১২:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
- / 93

জাতীয় নির্বাচনের আগে চার দিনের গুরুত্বপূর্ণ সফরে আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) ঢাকায় আসছেন কমনওয়েলথ মহাসচিব শার্লি বচওয়ে। ২০-২৪ নভেম্বরের এই সফরে তিনি অন্তর্বর্তী সরকারের শীর্ষ ব্যক্তিদের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর নেতা, প্রধান নির্বাচন কমিশনার, বিভিন্ন দেশের হাইকমিশনার ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন।
কমনওয়েলথ জানায়, আগামী ফেব্রুয়ারি ২০২৬-এর জাতীয় নির্বাচনকে সামনে রেখে এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আলোচনায় শান্তি ও স্থিতিশীলতা, গণতন্ত্র, সুশাসন এবং বাংলাদেশের সামগ্রিক সমৃদ্ধির জন্য কমনওয়েলথের সহযোগিতা কীভাবে জোরদার করা যায়—তা প্রধান আলোচ্য বিষয় হবে।
সফরে মহাসচিব কমনওয়েলথের নতুন কৌশলগত পরিকল্পনার অংশ হিসেবে গণতন্ত্র সংক্রান্ত মূল বার্তা তুলে ধরবেন এবং বাংলাদেশের জন্য কোন ধরনের সহায়তা সবচেয়ে কার্যকর হতে পারে তা জানতে মতবিনিময় করবেন।
সফরের আগে দেওয়া এক বিবৃতিতে শার্লি বচওয়ে বলেন, স্বাধীনতার পরপরই কমনওয়েলথে যোগ দেওয়া বাংলাদেশ সংগঠনের একটি গুরুত্বপূর্ণ অংশীদার। তিনি বলেন, বিভিন্ন স্টেকহোল্ডারের সঙ্গে কথা বলে বর্তমান পরিস্থিতি সরাসরি বোঝার চেষ্টা করবেন এবং পারস্পরিক সম্মানের ভিত্তিতে সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্র নির্ধারণ করবেন।
তিনি আরও জানান, বাংলাদেশ যখন ভোটের প্রস্তুতি নিচ্ছে, তখন কমনওয়েলথ শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক পরিবেশ নিশ্চিত করতে পাশে থাকবে।
কমনওয়েলথ জানায়, মহাসচিবের এই সফরটি গত মাসে বাংলাদেশে আসা প্রাক-নির্বাচনী মূল্যায়ন দলের মিশনের ধারাবাহিক অংশ। দলটি বিভিন্ন রাজনৈতিক ও নাগরিক অংশীদারের সঙ্গে বৈঠক করে সামগ্রিক নির্বাচন পরিবেশ পর্যালোচনা করেছিল।
























