অনিশ্চয়তা কাটিয়ে বিশ্বকাপে খেলার ঘোষণা দিলেন মেসি
- প্রকাশের সময় : ১২:৩৭:২১ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
- / 81
২০২২ কাতার বিশ্বকাপ জিতে পেশাদার ক্যারিয়ারের শীর্ষে পৌঁছেছেন লিওনেল মেসি। তবে ২০২৬ বিশ্বকাপে খেলবেন কি না, সেই প্রশ্ন এতদিন ঝুলে ছিল। এবার সেই অনিশ্চয়তা দূর করলেন আর্জেন্টাইন তারকা।
সম্প্রতি আর্জেন্টিনাসহ ২২ দেশের ২০২৬ বিশ্বকাপের জার্সি উন্মোচন করেছে অ্যাডিডাস। তাদের একটি বাণিজ্যিক ভিডিওতে অংশ নেন মেসি, কোচ লিওনেল স্কালোনি, আনহেল ডি মারিয়া ও আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের সভাপতি ক্লদিও তাপিয়া। ভিডিওর শেষদিকে তাপিয়া বলেন, ‘আমি চার নম্বর চাই।’ তখন সামনে এসে মেসিও বলেন, ‘আমিও চাই।’
এই সংক্ষিপ্ত সংলাপ থেকেই ইঙ্গিত পাওয়া গেছে—চতুর্থ বিশ্বকাপ জয়ের মিশনে নামতে প্রস্তুত মেসি। আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস মনে করছে, এর মধ্য দিয়ে আসন্ন বিশ্বকাপে খেলার ঘোষণা দিলেন তিনি।
এর আগে ফ্লোরিডায় এক সাক্ষাৎকারে মেসি বলেন, ‘আমার অনেক উচ্চাকাঙ্ক্ষা রয়েছে এই বিশ্বকাপ নিয়ে। এটা হবে অসাধারণ কিছু। একজন ফুটবলারের জন্য বিশ্বকাপ জেতা সবচেয়ে বড় অর্জন। আমি সৌভাগ্যবান যে সেটা পেয়েছি।’
এদিকে চলতি মাসেই আর্জেন্টিনা খেলবে তাদের বছরের শেষ প্রীতি ম্যাচ। আগামী ১৪ নভেম্বর আফ্রিকান দেশ অ্যাঙ্গোলার বিপক্ষে মাঠে নামবে স্কালোনির দল। ঘোষিত দলে রয়েছেন মেসিও। তবে তিনি খেলবেন কি না, তা এখনো অনিশ্চিত, কারণ বর্তমানে তিনি ইন্টার মায়ামির হয়ে এমএলএস প্লে-অফে ব্যস্ত।






















