ঐকমত্য কমিশনের মোট ব্যয় ১ কোটি ৭১ লাখ, আপ্যায়ন খাতে ব্যয় ৪৫ লাখ টাকা
- প্রকাশের সময় : ১২:০০:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
- / 70
জাতীয় ঐকমত্য কমিশন জানিয়েছে, কমিশনের মোট ব্যয় ১ কোটি ৭১ লাখ ৩১ হাজার ১২৬ টাকা এবং আপ্যায়ন খাতে ব্যয় হয়েছে ৪৫ লাখ ৭৭ হাজার ৬৮৫ টাকা।
কমিশনের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, কিছু মহল অপপ্রচার চালাচ্ছে যে, কমিশন আপ্যায়ন বাবদ ৮৩ কোটি টাকা ব্যয় করেছে— যা সম্পূর্ণ মিথ্যা, উদ্দেশ্যমূলক ও বিভ্রান্তিকর।
কমিশনের তথ্য অনুযায়ী, ১৫ ফেব্রুয়ারি ২০২৫ থেকে কার্যক্রম শুরু হওয়ার পর ২০২৪-২৫ ও ২০২৫-২৬ অর্থবছরে কমিশনের মোট বাজেট ছিল ৭ কোটি ২৩ লাখ ৩১ হাজার ২৬ টাকা। এর বিপরীতে ৩১ অক্টোবর পর্যন্ত ব্যয় হয়েছে বরাদ্দের মাত্র ২৩ দশমিক ৪৬ শতাংশ।
আপ্যায়ন খাতে মোট বরাদ্দ ছিল ৬৩ লাখ টাকা, যার মধ্যে ব্যয় হয়েছে ৪৫ লাখ ৭৭ হাজার টাকা। এই খাতের সিংহভাগ ব্যয় হয়েছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা, সভা ও বৈঠকে। প্রথম পর্যায়ে ৪৪টি বৈঠকে ব্যয় হয় ৪ লাখ ৯১ হাজার টাকা, দ্বিতীয় পর্যায়ে ফরেন সার্ভিস একাডেমিতে ২৩টি সভায় ব্যয় হয় ২৮ লাখ ৮৩ হাজার টাকা, আর তৃতীয় পর্যায়ের ৭টি বৈঠকে ব্যয় হয় ৭ লাখ ৮ হাজার টাকা।
এ ছাড়া কমিশনের অভ্যন্তরীণ ৫০টি সভায় ব্যয় হয় ১ লাখ ৫ হাজার টাকা এবং বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক, সাংবাদিক সম্মেলনসহ অন্যান্য কার্যক্রমে ব্যয় হয় প্রায় ২ লাখ টাকা।
কমিশন জানিয়েছে, ৮৩ কোটি টাকার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। এটি কমিশন ও তার কাজকে হেয় করার অপপ্রয়াস। তারা বলেছে, পুরো কার্যক্রমে সর্বোচ্চ স্বচ্ছতা বজায় রাখা হয়েছে এবং রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা সরাসরি টেলিভিশনে সম্প্রচার করা হয়েছে।
কমিশন আশা প্রকাশ করেছে, অপপ্রচারকারীরা ভুল স্বীকার করে ক্ষমা চাইবে এবং দায়িত্বশীল গণমাধ্যমগুলো সঠিক তথ্য প্রচার করে জনগণকে বিভ্রান্তি থেকে রক্ষা করবে।






















