ভারতে ভয়াবহ দুর্ঘটনা: পাথরবোঝাই ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে নিহত ২০

- প্রকাশের সময় : ০১:৪৩:৩৫ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
- / 88

ভারতের তেলেঙ্গানায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২০ জন নিহত হয়েছেন এবং আরও কয়েকজন আহত হয়েছেন। রোববার (৩ নভেম্বর) সকালে রাজ্যের রাঙ্গা রেড্ডি জেলায় হায়দরাবাদ-বিজাপুর মহাসড়কে দুর্ঘটনাটি ঘটেছে।
পুলিশ জানিয়েছে, তেলেঙ্গানা স্টেট রোড ট্রান্সপোর্ট করপোরেশনের একটি যাত্রীবাহী বাসে প্রায় ৭০ জন যাত্রী ছিলেন। বাসটি তান্দুর থেকে হায়দরাবাদ যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা পাথরবোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে ট্রাকের কঙ্কর ও পাথরগুঁড়া বাসের ভেতরে ঢুকে পড়ে, বহু যাত্রী চাপা পড়ে মারা যান।
নিহতদের মধ্যে ১০ মাস বয়সী এক শিশু, ১০ জন নারী এবং বাস ও ট্রাকের দুই চালক রয়েছেন। আহতদের স্থানীয় সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের পর অনেক যাত্রী কঙ্করের নিচে চাপা পড়ে চিৎকার করছিলেন। উদ্ধারকর্মীরা বাসের অংশ কেটে মরদেহ ও আহতদের বের করেন। চালকের আসনের পেছনের ছয় সারির যাত্রীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন।
তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এ রেভন্ত রেড্ডি গভীর শোক প্রকাশ করেছেন এবং দ্রুত উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালানোর নির্দেশ দিয়েছেন। রাজ্যের পরিবহনমন্ত্রী পোন্নাম প্রভাকর দুর্ঘটনার কারণ অনুসন্ধান ও আহতদের চিকিৎসা নিশ্চিত করতে জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন।
প্রধান বিরোধী দল বিএআরএসের কার্যনির্বাহী সভাপতি কে টি রামা রাও নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং সরকারের কাছে নিহত ও আহতদের সহায়তা ও সেরা চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানান।
সূত্র: এনডিটিভি

























