অন্য দেশের ‘সরকার পরিবর্তনের’ নীতি থেকে সরে এসেছে যুক্তরাষ্ট্র

- প্রকাশের সময় : ১০:৫৭:২৩ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
- / 120

মধ্যপ্রাচ্যে ‘সরকার পরিবর্তন ও রাষ্ট্র গঠন’ নীতি থেকে যুক্তরাষ্ট্র সরে এসেছে বলে জানিয়েছেন দেশটির জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসি গ্যাবার্ড। তিনি বলেন, গণতন্ত্রের প্রচার ও হস্তক্ষেপমূলক নীতির বদলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন অর্থনৈতিক সমৃদ্ধি ও আঞ্চলিক স্থিতিশীলতার প্রতি নজর দিচ্ছেন।
বাহরাইনের মানামা সংলাপের আগে শুক্রবার (৩১ অক্টোবর) এসব কথা বলেন তুলসি। তিনি বলেন, “গত কয়েক দশক ধরে আমাদের পররাষ্ট্রনীতি সরকার পরিবর্তন কিংবা রাষ্ট্র গঠনের মতো পদক্ষেপে আটকে ছিল, যা ক্ষতিকর এবং যার কোনো শেষ নেই।”
তুলসি আরও বলেন, “আমরা একের পর এক সরকার পতন ঘটিয়েছি, নিজেদের তৈরি সরকার অন্য দেশের ওপর চাপিয়ে দিতে চেয়েছি, এমন সব দ্বন্দ্বে জড়িয়েছি যেগুলো আমাদের বন্ধুর চেয়ে শত্রুর সংখ্যা বাড়িয়েছে। ফলাফল হচ্ছে ট্রিলিয়ন ডলার ব্যয়, অসংখ্য প্রাণহানি এবং বড় নিরাপত্তা ঝুঁকি।”
তিনি আরও উল্লেখ করেন, প্রেসিডেন্ট ট্রাম্প নিজেকে যুদ্ধবাজ নয়, বরং শান্তির দূত হিসেবে উপস্থাপন করতে চান। প্রেসিডেন্ট হওয়ার পর তিনি আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা দেন, যার আলোচনায় কাতারে তালেবান নেতাদের সঙ্গে একাধিক বৈঠক হয়। যদিও চুক্তি সম্পন্ন হলেও সেনা প্রত্যাহার কার্যক্রমটি পরবর্তীতে প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে শুরু হয় এবং সেটি বিশৃঙ্খলভাবে শেষ হয়।
তুলসি গ্যাবার্ড বলেন, ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি ভঙ্গুর অবস্থায় রয়েছে। পাশাপাশি তিনি জানান, আন্তর্জাতিক আণবিক সংস্থার রিপোর্ট অনুযায়ী ইরানের পারমাণবিক অবকাঠামোয় নতুন করে তৎপরতা দেখা যাচ্ছে।

























