আজকের পর বন্ধ হয়ে যাবে অতিরিক্ত সিম
- প্রকাশের সময় : ১২:২৪:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
- / 106
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) জানিয়েছে, আজ ৩০ অক্টোবরের পর থেকে কোনো জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) ১০টির বেশি সিম থাকলে অতিরিক্ত সিমগুলো স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করে দেওয়া হবে।
বিটিআরসি জানায়, অবৈধ সিম ব্যবহার, প্রতারণা ও অপরাধমূলক কর্মকাণ্ড রোধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সঠিক মালিকানা নিশ্চিত করা এবং সিম নিবন্ধন ব্যবস্থা আরও স্বচ্ছ ও নিরাপদ করতেই এ উদ্যোগ।
তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে সক্রিয় মোবাইল সিমের সংখ্যা ১৮ কোটি ৬২ লাখ, অথচ প্রকৃত মোবাইল গ্রাহক মাত্র ৬ কোটি ৭৫ লাখ। এর মধ্যে ৮০ শতাংশের বেশি গ্রাহকের নামে ৫টির কম সিম রয়েছে, ৬ থেকে ১০টি সিম আছে ১৬ শতাংশ গ্রাহকের নামে, আর ১১টির বেশি সিম ব্যবহার করেন মাত্র ৩ শতাংশ গ্রাহক।
যেভাবে জানবেন এনআইডিতে কতটি সিম নিবন্ধিত আছে:
যেকোনো মোবাইল থেকে *16001# ডায়াল করে এনআইডির শেষ চারটি সংখ্যা পাঠালেই জানা যাবে কতটি সিম নিবন্ধিত রয়েছে।
গ্রাহকরা চাইলে পছন্দমতো ১০টি সিম রেখে অতিরিক্ত সিমগুলো নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট অপারেটরের কাস্টমার কেয়ারে গিয়ে ডি-রেজিস্টার বা মালিকানা পরিবর্তন করতে পারবেন। সময়সীমা শেষ হলে বিটিআরসি দৈবচয়নের মাধ্যমে অতিরিক্ত সিম স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করে দেবে।






















