মেলিসার তাণ্ডবে লন্ডভন্ড ক্যারিবীয় অঞ্চল, নিহত অন্তত ২৫

- প্রকাশের সময় : ১১:২৩:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
- / 98

প্রবল শক্তিশালী হারিকেন ‘মেলিসা’ ক্যারিবীয় দ্বীপপুঞ্জজুড়ে ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালিয়েছে। ঘূর্ণিঝড়ে বহু ঘরবাড়ি ও অবকাঠামো ধ্বংস হয়েছে, অনেক এলাকা প্লাবিত হয়েছে এবং অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ঝড়ের সবচেয়ে ভয়াবহ আঘাত হেনেছে জ্যামাইকায়। ঘণ্টায় ২৫০ কিলোমিটার বেগে আঘাত হানা ক্যাটাগরি–৫ মাত্রার এই ঘূর্ণিঝড়ে দেশটিতে অন্তত পাঁচজন মারা গেছেন। প্রধানমন্ত্রী অ্যান্ড্রু হোলনেস জানিয়েছেন, ৮০ থেকে ৯০ শতাংশ বাড়ির ছাদ উড়ে গেছে এবং সরকারি স্থাপনাসহ হাসপাতাল, বন্দর ও পুলিশ স্টেশন ক্ষতিগ্রস্ত হয়েছে।
হাইতিতে ভয়াবহ বন্যায় আরও অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ১০ জন শিশু। দেশটির তিন-চতুর্থাংশ এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং হাজারো মানুষ আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছেন।
কিউবায় ঘণ্টায় প্রায় ১৮০ কিলোমিটার বেগে বয়ে যাওয়া ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রেসিডেন্ট মিগেল দিয়াস–কানেল জানান, দেশটি আগাম প্রস্তুতি নেওয়ায় ক্ষয়ক্ষতি কিছুটা কম হয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্র জ্যামাইকার জন্য সহায়তা পাঠাচ্ছে। হাইতি ও বাহামাসও আন্তর্জাতিক সাহায্য চেয়েছে। স্থানীয় সময় বুধবার সন্ধ্যার পর ঝড়টি বাহামাসের দিকে অগ্রসর হয়, যেখানে বিপজ্জনক জলোচ্ছ্বাসের আশঙ্কা করা হচ্ছে। এরপর এটি বারমুডা হয়ে শুক্রবার রাতে কানাডার সেন্ট জনস শহরের কাছে প্রবল এক্সট্রা-ট্রপিকাল সাইক্লোনে পরিণত হবে বলে ধারণা করা হচ্ছে।























