দক্ষিণ চীন সাগরে মার্কিন যুদ্ধবিমান ও হেলিকপ্টার বিধ্বস্ত

- প্রকাশের সময় : ১০:১০:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
- / 110

দক্ষিণ চীন সাগরে আধঘণ্টার ব্যবধানে মার্কিন সামরিক বাহিনীর একটি যুদ্ধবিমান ও একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। উভয় বিমানই মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস নিমিৎজ-এর অংশ ছিল।
মার্কিন নৌবাহিনীর প্যাসিফিক ফ্লিট জানিয়েছে, রোববার বিকেলে যুদ্ধবিমান এফ/এ-১৮এফ সুপার হর্নেট এবং এমএইচ-৬০আর সি হক হেলিকপ্টারটি দুর্ঘটনায় পড়ে। তবে সৌভাগ্যক্রমে দুই বিমানের মোট পাঁচ ক্রু সদস্যই ইজেক্ট করে নিরাপদে উদ্ধার হয়েছেন। সবাই বর্তমানে “সুরক্ষিত ও স্থিতিশীল অবস্থায়” আছেন।
নৌবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, দুটি দুর্ঘটনার কারণ অনুসন্ধান চলছে। এদিকে বার্তাসংস্থা এপি জানিয়েছে, অবসরের আগে ইউএসএস নিমিৎজ বর্তমানে তার শেষ মিশনে রয়েছে এবং ওয়াশিংটন অঙ্গরাজ্যের নেভাল বেস কিটস্যাপে ফেরার পথে ছিল।
অন্যদিকে রয়টার্স জানায়, ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলার প্রতিক্রিয়ায় ওই অঞ্চলে মার্কিন উপস্থিতি জোরদার করতে নিমিৎজকে মোতায়েন করা হয়েছিল।
এর আগে মার্কিন রণতরী ইউএসএস হ্যারি এস. ট্রুম্যান-এও একাধিক দুর্ঘটনা ঘটেছিল, যদিও এসব ঘটনায় কোনো নৌসেনা নিহত হননি।
সূত্র: এপি, রয়টার্স























