সোমবার এমপিওভুক্ত শিক্ষকদের আমরণ অনশন ও সমাবেশ কর্মসূচি ঘোষণা
- প্রকাশের সময় : ০৯:২৬:২৪ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
- / 93
বাড়ি ভাড়া, মেডিকেল ও উৎসব ভাতা বাড়ানোর দাবিতে দেশের বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা সোমবার (২০ অক্টোবর) শহীদ মিনারে ‘আমরণ অনশন’ ও ‘শিক্ষক সমাবেশ’ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে দাবি আদায়ে সারা দেশে চলমান কর্মবিরতিতেও আরও কঠোরতা আনার ঘোষণা দেওয়া হয়েছে।
রোববার রাতে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, শিক্ষকদের ন্যায্য দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই অনশন চলবে। আগামীকাল থেকে কোনো শিক্ষক শ্রেণিকক্ষে পাঠদান বা প্রশাসনিক কাজ করবেন না। পরীক্ষার দায়িত্ব ও অফিস ফাইলসহ সব কার্যক্রম বন্ধ থাকবে।
তিনি আরও বলেন, শিক্ষা উপদেষ্টা ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন, কিন্তু আমরা তা প্রত্যাখ্যান করেছি। তার প্রতি আমাদের আস্থা নেই। আমাদের আন্দোলন চলবে এবং প্রয়োজনে এটি জাতীয়করণের এক দফা আন্দোলনে রূপ নেবে।
অন্যদিকে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের জন্য বাড়িভাড়া ভাতা বৃদ্ধিতে সম্মতি দিয়েছে সরকারের অর্থ বিভাগ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মূল বেতনের ৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২ হাজার টাকা) বাড়িভাড়া ভাতা দেওয়া হবে, যা আগামী ১ নভেম্বর থেকে কার্যকর হবে।
রোববার সকালে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের উপসচিব মরিয়ম মিতুর সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, সরকারের বিদ্যমান বাজেট সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।





















