কাল থেকে অনলাইনে জামিননামা, এক ক্লিকে যাবে সংশ্লিষ্ট কারাগারে : আইন উপদেষ্টা
- প্রকাশের সময় : ১১:০৬:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
- / 181
আদালত থেকে জামিন পাওয়ার পর আসামির মুক্তির প্রক্রিয়ায় হয়রানি ও জটিলতা দূর করতে কাল (বুধবার) থেকে চালু হচ্ছে অনলাইন জামিননামা (বেইল বন্ড) ব্যবস্থা। এর ফলে আদালতের জামিনের পর এক ক্লিকেই জামিননামা সরাসরি সংশ্লিষ্ট কারাগারে পৌঁছে যাবে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে অ্যাটর্নি জেনারেল অফিসের ইন্টার্নশিপ প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানান আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
তিনি বলেন, “আদালত থেকে জামিন পাওয়ার পর বর্তমানে ১২টি ধাপ পেরিয়ে আসামিকে মুক্তি পেতে হয়। এসব ধাপে হয়রানি ও খরচের মুখে পড়তে হয়। এসব নিরসনে আমরা কাল থেকে পাইলট প্রকল্প হিসেবে অনলাইন জামিননামা চালু করছি। এতে এক ক্লিকে আদালতের রায় থেকে জামিননামা জেলখানায় পৌঁছে যাবে।”
ড. আসিফ নজরুল আরও বলেন, “এ প্রকল্পটি আমরা সম্পূর্ণ সরকারি অর্থে করেছি, কোনো সহযোগিতা ছাড়াই। বিচার বিভাগের পৃথক সচিবালয় আইন, গুমের আইন, দুদক আইন ও মানবাধিকার আইন আগামী কয়েক সপ্তাহের মধ্যেই সম্পন্ন হবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। বক্তব্য রাখেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ ও ব্যারিস্টার অনীক আর হক।






















