চীনের ওপর অতিরিক্ত ১০০ শতাংশ শুল্ক আরোপ করছেন ট্রাম্প

- প্রকাশের সময় : ০১:৫৫:১২ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
- / 83

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনা পণ্যের ওপর আরও ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। এতে বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির মধ্যে নতুন করে বড় বাণিজ্যযুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে।
শুক্রবার (১০ অক্টোবর) এক বিবৃতিতে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র চীনের সব রপ্তানি পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করবে এবং গুরুত্বপূর্ণ সফটওয়্যার রপ্তানির ওপরও নতুন নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করবে। ধারণা করা হচ্ছে, এই পদক্ষেপটি মূলত চীনের প্রযুক্তি খাতকে লক্ষ্য করে নেওয়া হয়েছে।
তিনি জানান, চীন যে নজিরবিহীন অবস্থান নিয়েছে তার জবাবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন শুল্ক আগামী ১ নভেম্বরের মধ্যে কার্যকর হবে।
এর আগে ট্রাম্প জানান, আসন্ন এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনের সময় চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে পরিকল্পিত বৈঠক বাতিল করার কথাও বিবেচনা করছেন তিনি।
এছাড়া চীনের দুর্লভ খনিজ রপ্তানি নিয়ন্ত্রণের পাল্টা জবাবে যুক্তরাষ্ট্র কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের বিষয়েও ভাবছে। সম্প্রতি বেইজিং এসব খনিজের রপ্তানিতে সীমাবদ্ধতা আরোপ করেছে, যা যুক্তরাষ্ট্রের উচ্চ-প্রযুক্তি শিল্পের জন্য গুরুত্বপূর্ণ।
বিশ্লেষকদের মতে, ট্রাম্পের নতুন পদক্ষেপ সেই সীমাবদ্ধতার সরাসরি প্রতিক্রিয়া।
উল্লেখ্য, ট্রাম্পের প্রথম মেয়াদেই যুক্তরাষ্ট্র চীনা পণ্যের ওপর উচ্চ শুল্ক আরোপ করেছিল, যা পরে দুই দেশের মধ্যে ৯০ দিনের চুক্তির মাধ্যমে স্থগিত হয়। কিন্তু সেই চুক্তির মেয়াদ ৯ নভেম্বর শেষ হতে যাচ্ছে, ফলে আবারও বাণিজ্যযুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে।
আর্থিক বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন, এই পদক্ষেপের ফলে বিশ্ববাজারে অস্থিরতা দেখা দিতে পারে এবং যুক্তরাষ্ট্র-চীন সংঘাত বিশ্ব অর্থনীতিকে মন্দার দিকে ঠেলে দিতে পারে।























